২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"৩৬ বছরে কেউ আমাদের খোঁজ নেয়নি"

"আমার ছেলেরা নিজের জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন। আমি গর্বিত মা। আমার সন্তানরা শহীদ হয়েছে তো কী হয়েছে ? ১৫ কোটি সন্তান রয়েছে আমার"- এ কথা কিছুদিন আগেও বলতেন রোকেয়া খাতুন। পাবনা শহরের সাধুপাড়া মহল্লার এ নারী '৭১ এ হারিয়েছেন নিজের চার সন্তান ও এক জামাতাকে। এখন ৮১ বছর বয়সী মনে গর্বের পাশাপাশি কিছুটা বেদনাও ভর করে। হতাশা ফুটে ওঠে কণ্ঠে, "কই, কেউ তো খবর নেয় না; মাঝে মাঝে মনে হয় পাশে যেন কেউ নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:50 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

এবিএম ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি পাবনা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "আমার ছেলেরা নিজের জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন। আমি গর্বিত মা। আমার সন্তানরা শহীদ হয়েছে তো কী হয়েছে ? ১৫ কোটি সন্তান রয়েছে আমার"- এ কথা কিছুদিন আগেও বলতেন রোকেয়া খাতুন। পাবনা শহরের সাধুপাড়া মহল্লার এ নারী '৭১ এ হারিয়েছেন নিজের চার সন্তান ও এক জামাতাকে। এখন ৮১ বছর বয়সী মনে গর্বের পাশাপাশি কিছুটা বেদনাও ভর করে। হতাশা ফুটে ওঠে কণ্ঠে, "কই, কেউ তো খবর নেয় না; মাঝে মাঝে মনে হয় পাশে যেন কেউ নেই।" স্বাধীনতা যুদ্ধে এক সঙ্গে ৪ সন্তান ও এক জামাতাকে হারালেও শহীদ মাতার স্বীকৃতি পাননি রোকেয়া খাতুন। পাননি রাষ্ট্রীয় কোনো সম্মাননা কিংবা শহীদ পরিবারের কোনো সুযোগ-সুবিধা। সরকারি পর্যায় থেকে কোনো খোঁজ খবরও করা হয় না; শুধু বিজয় দিবসের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র ছাড়া। অভাব অনটন আর নানা সমস্যা নিয়েই কোনমতে চলছে এ শহীদ মাতার অশীতিপর জীবন। ১৯৭১ এ দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যায় রোকেয়া খাতুন ও মোতাহার হোসেনের পাঁচ ছেলে ও এক জামাতা। এরা হলেন, ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, মোশারোফ হোসেন রঞ্জু, মোস্তাক হোসেন অঞ্জু, মোকাররম হোসেন মুকুল, মনসুর হোসেন মঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী। এদের মধ্যে ৮ ডিসেম্বর পাক বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে প্রাণ হারান রঞ্জু ও অঞ্জু। দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ জানাতে ১২ ডিসেম্বর গোপনে বাড়ি আসেন মুকুল, মঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ। তাদের বাড়ি আসার এ খবর পাক হানাদারদের জানিয়ে দেয় রাজাকার ও আল বদর বাহিনী। সে দিনই পাকস্তানি সেনারা বাড়ি ঘিরে ফেলে এবং মুকুল, মঞ্জু ও ইউসুফকে ধরে নিয়ে যায়। ওই সময় তাদের ছোট ভাই অষ্টম শ্রেণীর ছাত্র মোকাব্বের হোসেন বিজুকেও ধরে নেয় পাকবাহিনী। কিছুদূর নেয়ার পর তাকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে যায়। অন্য তিন জনের খবর কিংবা লাশ আর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে যাবার সময় শিক্ষক মোতাহার হোসেনের ছেলে মোশারোফ হোসেন রঞ্জু ছিলেন এডওয়ার্ড কলেজের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। মোস্তাক হোসেন অঞ্জু পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মোকাররম হোসেন মুকুল ছিলেন জেলা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী, মনসুর হোসেন মঞ্জু ছিলেন পানি ও বিদ্যুত উন্নয়ন বোর্ড (ওয়াপদা) এর হিসাব রক্ষণ কর্মকর্তা। তাদের ভগ্নিপতি ইউসুফ আলী ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের কর্মকর্তা। সবার বড় ভাই ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন ৭ নং সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন। ২০০২ সালের ২৯ নভেম্বর তিনি মারা যান। রোকেয়া খাতুন এখন বয়সের ভারে ন্যুব্জ। কোনমতে হাঁটাচলা করতে পারেন। পরিবারের সদস্যরা জানান, প্রতি বছর ১২ ডিসেম্বর এলেই আনমনা হয়ে পড়েন রোকেয়া খাতুন। বাড়ির বারান্দায় বসে থাকেন নিশ্চুপ হয়ে। চোখের জল ফেলেন নীরবে। তারা জানান, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবনা সফরে এলে রোকেয়া খাতুনকে সার্কিট হাউসে ডেকে নিয়েছিলেন। কথাও বলেন, সান্ত্বনাও দেন। কিন্তু এর পর আর কেউ তাদের তাদের খোঁজ নেয়নি। চার শহীদের ভাই মোকাব্বের হোসেন বিজু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩৬ বছরে কেউ আমাদের খোঁজ নেয়নি। এক সন্তানের শহীদ মা হয়ে অনেকে শহীদ মাতা খেতাব পেয়েছেন। আমার মা তাও পাননি।" ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "একটি ছোট চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি। শহীদ পরিবারের সদস্য হিসেবে সবাই সান্ত্বনা দিয়েছেন। কিন্তু কোনো সহায়তা করেনি।" যুদ্ধের পর বিধবা বোন, ভাবি আর তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে বলে বিজু জানান। বোন মকবুলা মঞ্জুর শোভা আক্ষেপ করে বলেন, "আমার চারটি ভাই এবং এক ভগ্নিপতি দেশের জন্য জীবন দিল অথচ আমাদের পরিবারের দুর্দশা কেউ দেখলো না। চার ভাই এক সঙ্গে শহীদ হওয়ার কারণে সংসার চালাতে অন্য ভাইটার কাজে নামতে হয়েছে। পড়ালেখাটাও চালিয়ে যেতে পারেনি। পড়ালেখা না করায় ভালো চাকরিও জোটেনি।" তিনি বলেন, "১৬ ডিসেম্বর কিংবা ২৬ মার্চ এলে শহীদদের নিয়ে অনেক কথা হয়। আমার শহীদ ভাইদের কথা কেউ বলে না; আমাদের বাড়িতে কেউ আসে না; কেউ খোঁজটা পর্যন্ত করে না।" পাবনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা বেবী ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহান স্বাধীনতা যুদ্ধে এই পরিবারের ত্যাগের মত অন্য কোনো পরিবারের ত্যাগ আছে বলে আমার জানা নেই। তাদের এ স্বীকৃতিটুকু না দিলেই নয়।" অন্যান্য শহীদ পরিবারের মতো এ পরিবারটির বিষয়ে সরকারের সুদৃষ্টি চেয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.