আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঈদের আনন্দ স্বজনের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার ঢাকাবাসী।
নয় দিনের টানা লম্বা ছুটি পেয়ে নগরবাসী এবার বেশ কিছুটা আগেই ঢাকা ছাড়তে শুরু করেছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং এর সঙ্গে রোববার ১৬ ডিসেম্বরের সরকারি ছুটি। মাঝখানে ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিন দিনের ছুটি নিয়ে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে। ঈদের ছুটি শুরু হবে ২০ ডিসেম্বর এবং শেষ হবে ২২ ডিসেম্বর। ফলে কার্যত টানা নয়দিনের ছুটি পাচ্ছে অধিকাংশ নগরবাসী। আরো জানাচ্ছেন আবু নোমান সজীব ।
তবে অনেকের ইচ্ছা থাকলেও যাওয়ার কোন সুযোগ নেই। চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দিনের টিকিট পাওয়াও কঠিন। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে, বিভিন্ন বেসরকারী বাস কোম্পানি ও রাষ্ট্রায়াত্ত্ব বিআরটিসি এবং লঞ্চগুলো অগ্রীম টিকেট বিক্রি শুরু করলেও নেই কোন সমন্বয়।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ হওয়ার অনেক আগে থেকেই বাস কোম্পানিগুলো অগ্রীম টিকেট বিক্রি শুরু করায় বিপাকে পড়েন চাকুরীজীবীরা। আবার চাঁদ দেখার পর টিকেট কিনতে গেলেও নির্দিষ্ট দিনের টিকেট না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসতে বাধ্য হয় অনেকেই। এ কারণে বাধ্য হয়ে অনেক চাকুরীজীবী স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের অন্য সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বিলাসবহুল বাস কোম্পানিগুলো বিচ্ছিন্নভাবে ঈদের অগ্রীম টিকেট বিক্রি করা শুরু করে। এদের অধিকাংশই গত ৫ ডিসেম্বর থেকে ঈদের অগ্রীম টিকিট বিক্রি করা শুরু করে। ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের অগ্রীম টিকিট বিক্রি করা শুরু হয়।
শুক্রবার রাজধানীর কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিকাল, মাজাররোড এবং গাবতলীতে বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ১৯ ও ২০ ডিসেম্বরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। দুই-একটি ছাড়া এ দুইদিনের প্রায় সব কোম্পানিরই টিকেট বিক্রি ইতিমধ্যে শেষ।
শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে কথা হয় একটি বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা রফিকুর রহমানের সঙ্গে। রফিকুর রহমান বলেন, "চাঁদ ওঠার পর ১৯ ডিসেম্বরের ঢাকা-খুলনার চারটি টিকিট কিনতে যাই। শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকায় বিভিন্ন কোম্পানির কাউন্টারে ঘোরাঘুরি করে টিকিট না পেয়ে অবশেষে স্ত্রী আর দুই ছেলে-মেয়ের জন্য ১৪ ডিসেম্বরের সোহাগ পরিবহনের তিনটি টিকিট কিনে বাড়ি ফিরি। এখন ওদের পাঠিয়ে দিচ্ছি। পরে আমি কিভাবে যাবো তা এখনো জানি না।"
রফিকুর রহমান জানান, স্বাভাবিক সময়ে ঢাকা-খুলনা রুটের সোহাগ পরিবহনের প্রতিটি টিকেটের দাম ৩০০ টাকা হলেও ঈদের কারণে নিয়েছে ৩৫০ টাকা করে।
এই প্রতিবেদক নিজে কুষ্টিয়া-কুমারখালী রুটের হানিফ পরিবহনের টিকিট কেটেছেন ২৫০ টাকায়। অথচ অন্য সময়ে ভাড়া ১৭০ টাকা।
একটি তৈরী পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) শফিকুল ইসলাম এসেছিলেন তার বৃদ্ধ মা, স্ত্রী আর দুই ছেলে-মেয়েকে রাজশাহীর বাসে তুলে দিতে । তিনি বলেন, "বাস কোম্পানিগুলো যা ইচ্ছা তাই করছে। দেখার কেউ নাই। আর সরকারও চুপ করে বসে আছে। "
একটি বেসরকারী কোম্পানির তথ্য প্রযুক্তি শাখায় কর্মরত জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের চাঁদ উঠলো ১১ ডিসেম্বর, চাঁদ দেখে ধর্ম মন্ত্রণালয় ২১ ডিসেম্বর ঈদের দিন নির্ধারণ করে। পরদিনই সকালে আমি ১৮ ডিসেম্বরের বগুড়ার টিকেট কেনার জন্য এসআর ও শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে জানতে পারি তিন দিন আগেই ওইদিনের সব টিকিট বিক্রি শেষ। এখন লোকাল বাসে কষ্ট করে যাওয়া ছাড়া কোন উপায় দেখছি না।"
একটি নির্দিষ্ট তারিখ থেকে একযোগে সব কোম্পানিকে টিকেট বিক্রি করতে বাধ্য করতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জাহাঙ্গীর আলম মনে করেন।
এদিকে অধিকাংশ পরিবহন কাউন্টারে গিয়েই দেখা যায়, বিভিন্ন গন্তব্যের সুনির্দিষ্ট ভাড়ার কোন রকম তালিকা না টানিয়েই টিকেট বিক্রি করা হচ্ছে। সাধারণ সময়ের চেয়ে টিকেটপ্রতি ২০-৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। তবে কাউন্টারের কর্মচারিরা দাবি করেছেন, এবার ঈদ উপলক্ষে কোন কোম্পানিরই বাসের ভাড়া বাড়ানো হয়নি। গত ঈদে যে ভাড়া নেয়া হয়েছিলো এবারও সেই একই ভাড়া নেয়া হচ্ছে। এছাড়া একই গন্তব্যে কোম্পানি ভেদে টিকিটের দামে ১০-৬০ টাকা করে পার্থক্য লক্ষ্য করা গেছে।
যেমন এসআর পরিবহনের সাধারণ চেয়ারকোচের জন্য রংপুরের ভাড়া নেয়া হচ্ছে ৩০০ টাকা, গাইবান্ধা ২৭০ টাকা, বগুড়া ২২০ টাকা এবং নওগাঁ ২৫০ টাকা। অন্যদিকে শ্যামলী পরিবহনে রংপুরের ভাড়া নেয়া হচ্ছে ৩২০ টাকা, বগুড়ার ভাড়া ২৩০ টাকা, গাইবান্ধার ২৯০ টাকা এবং নওগাঁর ভাড়া ২৭০ টাকা রাখা হচ্ছে। অন্যদিকে হানিফ পরিবহনে রংপুর ও দিনাজপুরের ভাড়া নেয়া হচ্ছে ৩২০ টাকা এবং কুড়িগ্রামের ভাড়া ২৮০ টাকা।
উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলগামী হানিফ পরিবহনের গাবতলি টেকনিকাল কাউন্টারের 'কাউন্টার মাস্টার' শাকিল আহম্মেদ বলেন, "বছরের অন্যান্য সময় আমরা দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক কম টাকা নিয়ে থাকি। শুধুমাত্র দুই ঈদের সময়ই সরকার নির্ধারিত ভাড়া নিই। কারণ সাধারণ সময়ে ঢাকা থেকে কোন গন্তব্যে যাওয়া এবং ফেরত আসা দুইসময়ই সাধারণত যাত্রী পাওয়া যায়। কিন্তু ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকে গন্তব্যে যাওয়ার সময় এবং আবার ঈদের পর ঢাকায় ফেরার সময় যাত্রী পাওয়া যায়।"
বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি শুরু করা হয়েছে এবং তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনে ১৬ ডিসেম্বরের টিকেট দেয়া হলেও ক্রেতার সংখ্যা ছিলো তুলনামূলকভাবে অনেক কম। পরবর্তী দুই দিন টিকেট বিক্রির সংখ্যা বেড়ে যায়। বিশেষ করে শুক্রবার দেয়া হয় ১৯ ডিসেম্বরের টিকেট। এদিন ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকেট সংগ্রহের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। এদের কারো ভাগ্যে টিকেট মিলেছে আবার কেউবা খালি হাতে ফিরে শেষমেষ বাসে চড়েই গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনও (বিআরটিসি) ঈদ উপলক্ষে তাদের বিশেষ সার্ভিস চালু করেছে। করপোরেশন পরিচালিত এবং ইজারদারদের মাধ্যমে পরিচালিত মোট ৫৪৩টি বাস সারা দেশে ১৪ ডিসেম্বর থেকে ঈদের পরবর্তী আট দিন 'ঈদ সেবা সার্ভিস' নামে পরিচালিত হবে। ১২ ডিসেম্বর থেকে শুরু করে ঈদ পর্যন্ত অগ্রীম টিকেটও দেয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/আরএ/এমএ/১৭৩১ঘ.
bdnews24