ঝালকাঠি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত খালসান দাতাল আল মনসুরি শুক্রবার ঝালকাঠির ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
সকাল ১১টায় ঝালকাঠি পৌঁছানোর পর রাষ্ট্রদূত ঘূর্ণি বিধ্বস্ত কাঁঠালিয়া সদরের আউড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় তিনি দুর্গত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং কয়েকজনের হাতে কম্বল ও চাল তুলে দেন।
পরে খলিফা বিন জাইদ আন নাহিয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঁচ হাজার কম্বল এবং তিন হজার মানুষের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
ঝালকাঠির জেলা প্রশাসক হরিপ্রসাদ পাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদূত ঝালকাঠিসহ অন্যান্য দুর্গত এলাকায় ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পুণনির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন। খলিফা বিন জাইদ আন নাহিয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে।
ঝালকাঠি সফরে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আব্দুল্লাহ বিন আশোর ও ফাউন্ডেশেনের প্রতিনিধি নাদির আব্দুর রহমান আল মুল্লা।
খালসান দাতাল আল মনসুরি দুপুরে ঢাকার উদ্দেশে ঝালকাঠি ত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০০৫ ঘ.
bdnews24