ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মতিউর রহমানের পর হামিদুর রহমানের দেহাবশেষ ফিরে আসায় স্বাধীনতার ৩৬ বছর পর শ্রেষ্ঠ সাত বীরই ঠাঁই পেলেন তাদের স্বপ্নের বাংলাদেশে।
২ বীর গত ৩৪ বছর ধরেই ছিল বিদেশের মাটিতে। গত বছরের ২৪ জুন এবং এবারের ১১ ডিসেম্বর দুজনের দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলার মাটিতে।
স্বাধীনতার পর ৩৪ বছরে ধরেই দুই বীরশ্রেষ্ঠ শায়িত ছিলেন মাতৃভূমির বাইরে। এরা হলেন ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান এবং সিপাহী হামিদুর রহমান।
বাকি ৫ জন ছিলেন বাংলার মাটিতেই। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মুন্সী আবদুর রউফ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, নূর মোহাম্মদ শেখের কবর আগেই হয়েছিল দেশের মাটিতে।
গত বছরের ২৪ জুন পাকিস্তানের মশরুর বিমান ঘাঁটির কবরস্থান থেকে মতিউরের দেহাবশেষ বাংলাদেশে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আর ৩৬ বছর পর ত্রিপুরার আম্বাসা গ্রাম থেকে দেশে ফিরে ১১ ডিসেম্বর মতিউরের পাশেই শেষ শয্যা পাতলেন সিপাহী হামিদুর।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ২৮ অক্টোবর তৎকালীন সেনাবাহিনীর সিপাহী হামিদুর রহমান শহীদ হন। তিনি এ সময় মৌলভীবাজারের ধলাই সীমান্তের কাছে পাকিস্তানি বাহিনীর একটি ঘাঁটি দখলের জন্য যুদ্ধ করছিলেন। যশোরের খারদো খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্র"য়ারি তিনি জন্মগ্রহণ করেন। মারা যাওয়ার পর তার সহযোদ্ধারা ত্রিপুরার আগরতলা থেকে সোয়াশ কিলোমিটার দূরে ঢালাই জেলার আম্বাসা গ্রামে জঙ্গলের মধ্যে তাকে সমাধিস্থ করেন।
দেশকে শত্র"মুক্ত করার দৃঢ়প্রত্যয় নিয়ে বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে চলে আসতে চেয়েছিলেন স্বদেশে। কিন্তু বাদ সাধে সহকর্মী পাকিস্তানি মিনহাজ রশীদ। তার কাছ থেকে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে ভারতীয় সীমান্তের কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন মতিউর। পরে তাকে সমাহিত করা হয় সেখানকার মশরুর বিমান ঘাঁটিতে। গত বছরের ২৪ জুন স্বাদেশের মাটি গায়ে মাখেন এই অকুতোভয় বীর।
১৯৯৬ সালে প্রথম জানা যায়, বীরশ্রেষ্ট মুন্সী আবদুর রউফ ঘুমিয়ে আছেন বান্দরবানে। সেখানকার স্থানীয় এক আদিবাসী মুক্তিযোদ্ধা তার কবর শনাক্ত করেন। ইপিআরে কর্মরত ছিলেন ফরিদপুরের সন্তান ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ। কিন্তু দেশের টানে চাকরি ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের ৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাট এলাকায় পাকিস্তানি সৈন্যদের সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন তিনি।
বরিশালের কৃতী সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সহযোগীদের নিয়ে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের মালদাহ জেলার মেহেদিপুরে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। চাঁপাইনবাবগঞ্জ দখলের নেতৃত্ব দেন তিনি। ১৪ ডিসেম্বর সকালে তিনি দলবল নিয়ে মহানন্দা নদী পার হয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে শত্র"দের কয়েকটি পরিখা ধ্বংস করে দেন। এ সময় দুপক্ষের তুমুল সংঘর্ষ চলাকালে ঘাতকের একটি বুলেট বিদ্ধ হয় তার কপালে। সঙ্গে সঙ্গে ঢলে পড়েন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাকে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়।
যশোর শায়িত আছেন নূর মোহাম্মদ শেখ। পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) কর্মরত এই বীরযোদ্ধা ১৯৭১ সালের মার্চে বাড়ি ফিরে যুদ্ধ শুরু করেন দেশরক্ষায়। যোগ দেন ৮ নং সেক্টরে। গোয়ালহাটি গ্রামে মুক্তিবাহিনীর একটি স্থায়ী টহল দলের দায়িত্ব পালনকালে ৫ সেপ্টেম্বর হানাদার বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে তাকে। শত্র" খতম করতে পাল্টা লড়াই শুরু করেন নূর মোহাম্মদ। কিন্তু মুহুর্মুহু আক্রমণে টিকতে না পেরে ঘাতকদের বুলেটে প্রাণ হারান তিনি। পরে সহকর্মীরা তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে দাফন করেন।
নৌবাহিনীর আর্টিফিসার ছিলেন বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার রুহুল আমিন। নোয়াখালীতে জন্মগ্রহণকারী রুহুল আমিন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মংলা বন্দরে পাকিস্তানি নৌঘাঁটি ও জাহাজ পিএসএস তিতুমীর দখল করতে যান। কিন্তু পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে টিকে থাকতে পারেনি তিনি। কামান আর টর্পেডোর আঘাতে ধ্বংস করে দেওয়া হয় রুহুল আমিনের গানবোট 'পলাশ'। অগ্নিদগ্ধ হয়ে সলিল সমাধি ঘটে এই বীরের।
বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ঠিকানা এখন আখাউড়ার দরইন গ্রাম। এখানেই তিনি ঘুমিয়ে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার সেনাক্যাম্প থেকে পালিয়ে মোস্তফা কামাল মুক্তিযোদ্ধাদের নিয়ে শত্র"নিধন শুরু করেন। কিন্তু ১৭ এপ্রিল আখাউড়ার দরইন গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন তিনি। তাকে সেখানেই দাফন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমকে/এএইচডি-ইএইচবি/জিএনএ/১০৩০ ঘ.
bdnews24