২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি থেকে বিদেশি পণ্য উদ্ধার

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জ্যোতি থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ বিদেশি পণ্য উদ্ধার করেছে উপকূল রক্ষী (কোস্টগার্ড) বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জ্যোতি থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ বিদেশি পণ্য উদ্ধার করেছে উপকূল রক্ষী (কোস্টগার্ড) বাহিনী। বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা বিএসসির ওয়েল ট্যাংকার বাংলার জ্যোতি থেকে উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে সাপের চামড়ার তৈরি মানিব্যাগ, বিভিন্ন ধরনের চামড়ার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ট্রাভেল ব্যাগ, স্যান্ডেল, জুতা, কয়েক হাজার পিস টি শার্ট, জিন্স প্যান্ট, আন্ডার গার্মেন্টস, ছয় শতাধিক ক্যাপ, ডিভিডি প্লেয়ারসহ ইলেকট্রনিক্স সামগ্রী। এছাড়া রুবী, টাইগার আই, ক্যাটস আইসহ ৩০ প্যাকেট দামি পাথর, প্রচুর লেমোনেড মিক্সার, সালাদ মিক্সার ও বিপুল পরিমাণ বিদেশি মদ। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেনেন্ট মাহবুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল বিকাল সাড়ে পাঁচটায় ডলফিন জেটিতে নোঙর করা লাইটার ট্যাংকার বাংলার জ্যোতিতে অভিযান শুরু করে। রাত সাড়ে আটটায় তিনি জানান, উদ্ধার করা পণ্যের পরিমাণ ও এগুলোর মূল্য নির্ধারণের কাজ চলছে। তিনি জানান, জাহাজটির কার্পেন্টার জিয়াউদ্দিন ও সুকানি সৈয়দ আমান উল্ল্যাহর কেবিন তল্লাশি করে এসব বিদেশি পণ্য উদ্ধার করা হয়। বিক্রির জন্য কোনো বিদেশি জাহাজ থেকে এ সব পণ্য বাংলার জ্যোতিতে করে আনা হয়েছিল। অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তা লে. মাহবুব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 'এমভি পপি' থেকে এসব সামগ্রী এনেচে বাংলার জ্যোতি। সর্বশেষ এ জাহাজ থেকে তেল খালাসের কাজে নিয়োজিত ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কার্পেন্টার ও সুকানি পালিয়ে যায় বলেও তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩৪ ঘ.