২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে ব্যবসায়ী নেতা নিহত, আহত ৭

সিলেট নগরীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে এক ব্যবসায়ী মারা গেছেন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি। সংঘর্ষে আরো সাতজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ এক শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

সিলেট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে এক ব্যবসায়ী মারা গেছেন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি। সংঘর্ষে আরো সাতজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ এক শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে। (আরো তথ্যসহ) নিহত ব্যবসায়ীর নাম ইলিয়াছুর রহমান। তিনি নগরীর মধুবন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। ওই মার্কেটের ব্যবসায়ী আবদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর খবর পেয়ে ব্যবসায়ীরা মধুবন মার্কেটের সামনে জড়ো হন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর কেন্দ্রস্থলে মধুবন সুপার মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিপণি বিতানের পঞ্চম ও ষষ্ঠ তলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে শামীম ও ফয়েজ নামের দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে মধুবন সুপার মার্কেটে ঢোকার সময় মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমানের পায়ের সঙ্গে মোটারসাইকেলের ধাক্কা লাগে। এই নিয়ে দুই শিক্ষার্থীর সঙ্গে ইলিয়াছের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাকে লাঞ্চিত করে। কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারি দুই শিক্ষার্থীকে আটকে মারধর করে। মার্কেটের নিচতলায় দুই শিক্ষার্থী আটকে রেখে মারধর করা হচ্ছে- এমন খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী গিয়ে ব্যবসায়ী-কর্মচারিদের হাতে আটক শিক্ষার্থী দুজনকে ছাড়িয়ে আনেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। এরপর দুপুর দেড়টায় ব্যবসায়ী ও কর্মচারিদের একটি দল পঞ্চম ও ষষ্ঠ তলায় উঠে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে এলোপাতাড়িভাবে ইট ও পাথর নিক্ষেপ শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারসহ বেশ কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে। তাদের ইটপাটকেল নিক্ষেপে তিনজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের সুপারভাইজার কামাল হোসেন দুলালসহ তিনজনকে আটক করে। বিপণি বিতান এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠদান ও পরীক্ষা স্থগিত করে পুলিশ প্রহরায় শিক্ষার্থীদের বিপণি বিতান এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘন্টা বিপণি বিতান বন্ধ ছিল এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মধুবন মার্কেটের ব্যবসায়ী আব্দুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমানকে (৫৫) আহত করেছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে ব্যবসায়ী রুহেল আহমদসহ (৩০) দুজন আহত হয়েছেন। লিডিং ইউনিভার্সিটির আইন অনুষদের প্রভাষক অশোক দত্ত বলেন, ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারতেন। কিন্তু তা না করে ওই শিক্ষার্থীকে আটক করে মারধর করা এবং পরে হামলা চালানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নাসিমুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ করতে মার্কেটের সুপারভাইজারসহ তিনজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোতয়ালী থানায় একটি এজাহার করেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্যবসায়ীরা সন্ধ্যার পর বৈঠক করেছেন। তারা মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী আব্দুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২২০ ঘ.