ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যা পুনর্বাসন ও ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সাহায্য হিসেবে আরও ৩৬ লাখ ডলার দিয়েছে সুইজারল্যান্ড। এ নিয়ে এবাবদ দেশটির দেওয়া মোট জরুরি সাহায্যের পরিমাণ দাঁড়ালো ৫৫ লাখ ডলার।
ইউএনডিপি'র মাধ্যমে সুইজারল্যান্ডের দেওয়া অর্থ ব্যয় করা হবে। বৃহস্পতিবার ঢাকায় এ ব্যাপারে সুইস সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সুইস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
চুক্তি অনুসারে সুইজারল্যান্ডের উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি) প্রাথমিক অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ইউএনডিপিকে ১৭ লাখ ২০ হাজার ডলার দেবে।
এর আগে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং এসডিসি'র এক চুক্তি অনুসারে বন্যা পুনর্বাসন কর্মকাণ্ডে ১৮ লাখ ৮০ হাজার ডলার দেবে এসডিসি।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্প দুটি বান্তবায়ন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৮২৭ঘ.
bdnews24