ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রের সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারিদের কাছ থেকে আবেদন পাওয়া গেলে ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ পুনর্বিবেচনা করে দেখতে পর্যালোচনা কমিটি গঠনের বিষয়টি বিবেচনা করবে সরকার।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বুধবার সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারিরা নতুন বেতন ভাতা নির্ধারণে সরকার ঘোষিত ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের সুপারিশমালায় 'অসঙ্গতি' দূর করার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে মিছিল করে। সাংবাদিক নেতারা এ সময় ১৬ ডিসেম্বরের মধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করার দাবি জানান। ঘোষিত তারিখের মধ্যে পর্যালোচনা কমিটি গঠন করা না হলে ১৭ তারিখ থেকে আবারও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেয় তারা।
সাংবাদিকদের আন্দোলন কর্মসূচি ঘোষণার মাত্র একদিনের ব্যবধানে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো ওই বিবরণীতে বলা হয়, "সরকার গত ৬ ডিসেম্বর সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারিদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করে।"
তথ্য বিবরণীতে আরো বলা হয়, "সংবাদপত্রের সঙ্গে জড়িত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারিদের পক্ষ থেকে আবেদন পাওয়া গেলে সংবাদপত্রের মালিক, সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারিদের প্রতিনিধিদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠনের বিষয়টি বিবেচনা করে দেখবে সরকার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এএল/এমএ/১৬৪৮ ঘ.
bdnews24