২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কম খরচে ফোনকলের সুযোগ সৃষ্টির উদ্যোগ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কম খরচে টেলিফোনে কথা বলার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেবে সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি)। এছাড়া এ অঞ্চলে সার্বজনিন রোমিং বিল কাঠামো তৈরির জন্যও একটি কার্যকরী গ্র"প তৈরি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কম খরচে টেলিফোনে কথা বলার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেবে সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি)। এছাড়া এ অঞ্চলে সার্বজনিন রোমিং বিল কাঠামো তৈরির জন্যও একটি কার্যকরী গ্র"প তৈরি করা হবে। ঢাকায় অনুষ্ঠিত এসএটিআরসি'র নবম বৈঠকের শেষ দিনে বুধবার এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর হোটেল র‌্যাডিসনে গত সোমবার তিনদিনের এই বৈঠক শুরু হয়। এদিকে, বাংলাদেশ ২০০৮ সালের জন্য এসএটিআরসি'র চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম এই সময়ে এসএটিআরসি'র চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। মঞ্জুরুল আলম বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে এ অঞ্চলের ট্যারিফ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। তবে এজন্য টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও বসতে হবে।" তিনি জানান, বৈঠকে বলা হয়েছে সব রেগুলেটর তাদের অপারেটরদের নিয়ে বসবে। গোটা দক্ষিণ এশিয়াকে একটি এলাকা হিসাবে গণ্য করে কম খরচে যেন ফোনকল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও আগামী এক বছরের মধ্যে এ অঞ্চলের নয়টি দেশের রেগুলেটররা নিজ নিজ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়ন রোমিং এর একটি নির্দিষ্ট কাঠামো করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরাও ওই আঙ্গিকে কাজ করব। একটি ওয়ার্কিং গ্র"প করে তাতে প্রতিটি দেশের প্রতিনিধি রাখা হবে। এরপর অপারেটরদের সঙ্গে কথা বলে রোমিং বিল নির্ধারণ করা হবে।" আগামী বছরের মাঝামাঝি এটি চূড়ান্ত করা হতে পারে বলে তিনি জানান। এছাড়া, তিন দিনের এ বৈঠকে আঞ্চলিক আন্তঃটেলিযোগাযোগ ও গ্রামীণ (রুরাল) টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে এ সম্পর্কিত প্রকল্প সম্পর্কে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়ের সিদ্ধান্ত হয়। সার্কভুক্ত আটটি দেশসহ সার্কের পর্যবেক্ষক দেশ ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা তিন দিনের এ বৈঠকে অংশ নেন। বৃহস্পতিবার থেকে হোটেল র‌্যাডিসনে এসএটিআরসি'র দু'দিনব্যাপী কর্মশালা শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি /জেকে/এমএ/১৮৪০ ঘ.