ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকি, সম্পত্তির তথ্য গোপন ও আয়কর জমা না দেওয়ার অভিযোগে সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহকে নয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। একই সঙ্গে এই রায় কার্যকর হবে বলে আসামীকে পাঁচ বছর সাজা ভোগ করতে হবে।
দুই পৃথক ধারায় দেওয়া সাজার মধ্যে সম্পত্তির তথ্য গোপন করায় হাসানাতকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা হয়। অন্য একটি ধারায় সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ায় ও আয়কর জমা না দেওয়ায় তাকে এক বছর ও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আবুল হাসানাত বর্তমানে পলাতক রয়েছেন। আসামির আত্মসর্মপণ অথবা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।
২৫ অক্টোবর এনবিআরের সহকারি কর কমিশনার মো. সফিউল আজম বাদী হয়ে হাসানাতের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বুধবার বিকালে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীর এক কোটি ৬৫ লাখ ৩৯ হাজার ৬৩৬ টাকার সম্পদ বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। এই সম্পদের মধ্যে আছে রাজধানীর কলাবাগানের ২৫/১ লেক সার্কাসে অবস্থিত পাঁচ তলা ভবন, বরিশালের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার লকারে রাখা ৩৯ হাজার মার্কিন ডলার ও ৪০ ভরি পাঁচ আনা এক রত্তি স্বর্ণালংকার এবং ভবনের ভাড়া বাবদ ১৮ লাখ টাকা।
মামলার এজাহারে বলা হয়, আসামি প্রুডেনশিয়াল টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ও কান্তা করপোরেশন প্রাইভেট লিমিটেডের উপদেষ্টা। এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ২০০২-২০০৩, ২০০৩-২০০৪ কর বছরে আয় করলেও তিনি আয়কর দেননি।
অভিযোগে আরও বলা হয়, আবুল হাসনাত ২০০৪-২০০৫ থেকে ২০০৬-২০০৭ পর্যন্ত তিনটি কর বছরে বরিশালে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার লকারে রাখা ৩৯ হাজার ডলার, ৪০ ভরি স্বর্ণালঙ্কারের তথ্যও আয়কর বিবরণীতে উল্লেখ করেননি।
এছাড়া বাড়ি ভাড়া থেকে আয়সহ অন্যান্য সম্পত্তির তথ্য গোপন করে তিনি ৯২ লাখ ৯৬ হাজার ৪৭৫ টাকার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
আদালতে সরকার পক্ষের কৌঁসুলি ছিলেন এডভোকেট সৈয়দ শামীম আহসান হাবিব। পরে তিনি সাংবাদিকদের বলেন, আসামী কর আইনের বিভিন্ন ধারায় অর্থনৈতিক দুর্নীতি করেছেন। আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনের বিধান অনুযায়ী এই দণ্ড দিয়েছেন।
বিশেষ জজ আদালতে ২২ নভেম্বর মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৮ নভেম্বর থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ১০ জন সাক্ষ্য দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসইউএম/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24