কক্সবাজার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সন্ত্রাসী সৈয়দ নূর বুধবার ভোরে র্যাবের 'এনকাউন্টারে' নিহত হয়েছে।
সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর সময় ভোর ৪টার দিকে উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া মাদ্রাসার কাছে 'এনকাউন্টারে' নূর নিহত হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। ঘটনাস্থল থেকে সাতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
গত সোমবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে নূরকে গ্রেপ্তার করে র্যাব। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন জানিয়েছেন, সৈয়দ নূর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যা, সন্ত্রাস, পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নূরকে নিয়েই কালারমারছড়া এলাকায় অভিযান শুরু করে র্যাব। অভিযানের এক পর্যায়ে ভোর ৪টার দিকে ঝাপুয়া মাদ্রাসা পেরিয়ে গলাচিপা সেতুর কাছে পৌঁছলে সৈয়দ নূরের সহযোগীরা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় পালাতে গিয়ে সহযোগীদের গুলিতে নূর ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাস্থল থেকে চারটি এলজি, দুটি দেশে তৈরী বন্দুক ও একটি শাটারগান উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা পর্যন্ত নূরের লাশটি গলাচিপা সেতুর কাছে পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে লাশটি মহেশখালী থানায় নিয়ে আসে।
নূরের কোমরের ওপরের অংশে গুলির চিহ্ন ছিল বলে ইউপি সদস্য রশিদ জানান।
তিনি বলেন, "নূর বাহিনীর প্রধান সৈয়দ নূর নিহত হওয়ার পর এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকা এখন থমথমে।"
র্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, নূর মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.
bdnews24