২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন: নিহতদের জন্য মাথাপিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

র‌্যাংগস ভবন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মাথাপিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে 'ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন' (ইনসাব)। মঙ্গলবার রাজধানীতে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 03:51 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাংগস ভবন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মাথাপিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে 'ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন' (ইনসাব)। মঙ্গলবার রাজধানীতে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাকের পাঠ করা লিখিত বক্তব্যে র‌্যাংগস ভবন দুর্র্ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে অবিলম্বে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান 'সিক্স স্টারের' পক্ষ থেকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়। এজন্য এতে উদাহরণ হিসাবে তেজগাঁওয়ের ফিনিক্স ভবন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের কথা উল্লেখ করা হয়। আহতদেরও সুচিকিৎসা এবং 'পর্যাপ্ত পরিমাণে' ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানিয়েছে সংগঠনটি। আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, "রাজউক নিযুক্ত ঠিকাদার সিক্স স্টার ভবন ভাঙ্গার কাজে দক্ষ নয়। এছাড়া তাদের এ ধরণের ভবন ভাঙার কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তারা মূলত পুরনো জাহাজ কেটে লোহা সংগ্রহের কাজ করে থাকে।" আব্দুর রাজ্জাক বলেন, এ ধরণের বড় ভবন ভাঙার জন্য আধুনিক ব্যবহার করার কথা থাকলেও তারা এতদিন ধরে হাতুড়ি ও শাবল দিয়ে কাজ করেছে। একটি করে তলা ভেঙে রাবিশ পরিস্কার করার পর পরবর্তী তলায় হাত দেওয়ার কথা দাবি করে শ্রমিক নেতাটি বলেন, 'সিক্স স্টার' তা না করে ২২ থেকে সাত তলা পর্যন্ত সবগুলো তলা একবারে কাটার কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি 'বেশি লাভের আশায়' ভবন ভাঙার কাজে পূর্ব অভিজ্ঞতাহীন অনেক অদক্ষ শ্রমিক নিয়োগ করে বলেও অভিযোগ করেন তিনি।" এই দুর্ঘটনার জন্য রাজউকের 'গাফিলতিও' দায়ী একথা দাবি করে আব্দুর রাজ্জাক আরো বলেন, রাজউকের একজন দক্ষ প্রকৌশলী নিয়োগ করা প্রয়োজন থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি। হাইকোর্টের আদেশ পাওয়ার 'মাত্র তিন দিনের মধ্যে' সিক্সস্টারকে কার্যাদেশ দেওয়ার মধ্যে কোন 'রহস্য' লুকিয়ে আছে কিনা তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। দাবি না মানা হলে জরুরি অবস্থার কারণে আন্দোলন করা যাবে না একথা উল্লেখ করে ইনসাব নেতা বলেন, শ্রমিক প্রতিনিধি, আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তারা গোলটেবিলের আয়োজন করতে পারেন। আদালতের নির্দেশে গত ৪ আগস্ট থেকে র‌্যাংগস ভবনের অবৈধ তলাগুলি ভাঙার কাজ শুরু হয়। ২২ তলার মধ্যে ৪ তলা ভাঙার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বেশ কিছু শ্রমিক কাজ করার সময় গত শনিবার রাতে ভবনটির ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি ছাদের মাঝের অংশ ভেঙে ৩ তলা পর্যন্ত নেমে আসে। এতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন শ্রমিক। দুর্ঘটনায় কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১৪৫ঘ.