ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও সহকারী পরিচালক পদে মঙ্গলবার বড় ধরনের রদবদল করা হয়েছে।
কমিশনের এক ঘোষণায় মঙ্গলবার এ কথা জানানো হয়।
দুর্নীতি নিয়ন্ত্রণকারী সংস্থাটিতে এটি এক মাসের ব্যবধানে দ্বিতীয় বারের মত বড় ধরনের রদবদলের ঘটনা।
রদবদল করা কর্মকর্তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী রদবদল করা ৩৮ জন কর্মকর্তার মধ্যে ১২ জন উপ-পরিচালক এবং ২৬ জন সহকারী পরিচালক। এদের মধ্যে ৫ জন উপ-পরিচালক ও ১১ জন সহকারী পরিচালককে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরে থেকে ২ জন উপ পরিচালক ও ৯ সহকারী পরিচালককে কেন্দ্রীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া বদলি করা অন্য কর্মকর্তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক পদ থেকে অন্য পদে বদলি করা হয়েছে।
নতুন কর্মস্থলে বদলি করা কর্মকর্তাদের হাতে থাকা তদন্ত ও অনুসন্ধানের কাজ ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। ওই তারিখের মধ্যে কেউ কাজ শেষ করতে না পারলে কমিশনের মহাপরিচালককে (প্রশাসন) লিখিতভাবে জানানোর জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৪ নভেম্বর দুদকের উপ পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের ৫৩ জন কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১০৯ঘ.
bdnews24