ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)- ভারত ও নেপালের নদীগুলোতে জলাধার এবং বাঁধ নির্মাণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
মঙ্গলবার ব্র্যাক সেন্টারে ষোড়শ ভারত-বাংলাদেশ সংলাপে এ উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা।
অপরদিকে এ ব্যাপারে বাংলাদেশের উদ্বেগকে উড়িয়ে দিয়ে ভারতের কূটনীতিবিদ দেব মুখার্জি বলেছেন, "জলাধার তৈরির ব্যাপারে তেমন কোনও উদ্যোগ হয়নি।" বিষয়টিকে তিনি 'বাতিল ইস্যু' হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "নেপাল ও ভারতের ওপর দিয়ে নেমে আসা সপ্তকোশী নদীতে জলাধার নির্মাণের কারণে ওই নদীর পানির প্রবাহ নিয়ে ভাটি অঞ্চলের দেশ হিসাবে বাংলাদেশ উদ্বিগ্ন।"
তিনি আরও বলেন, "টিপাইমুখ থেকে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার উদ্যোগের সম্ভাবনায় শুধু বাংলাদেশ নয়, অনেক ভারতীয়ও শঙ্কা প্রকাশ করেছে।"
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার (আইআইসি) আয়োজিত এই সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান ও বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার দেব মুথার্জি।
সংলাপ শুরুর পর দেব মুখার্জি বাংলাদেশের উপদেষ্টার উদ্বেগে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একান্ত সংলাপে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি না জলাধার বা বাঁধ নির্মাণে বাংলাদেশের কোনো সমস্যা হবে। মহাকালী নদীতে বাঁধ ও জলাধার নির্মাণের ব্যাপারে ১২ বছর আগে ভারত ও নেপালের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।" ভারতীয় কূটনীতিক মন্তব্য করেন, 'দুর্ভাগ্যজনকভাবে' এ ব্যাপারে এত দিনেও তেমন কোনও অগ্রগতি হয়নি।
তবে তিনি বলেন, "নদীতে বাঁধ বা জলাধার তৈরির ব্যাপারে উজানের দেশগুলোর -তা ভারত বা নেপাল যাই হোক--কর্মকাণ্ডের ব্যাপারে ভাটির দেশগুলো উদ্বিগ্ন থাকবে তাতে কোনও সন্দেহ নেই। এটা একটা বিতর্কের বিষয় ।"
পানির প্রবাহ ঘুরিয়ে নেওয়ার জন্য কিছু বড় অভিন্ন নদীর আন্তঃসংযোগ প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দেব মুখার্জি বলেন, "এটা একটা বাতিল বিষয়। এটা আর এখন কার্যকর নয়।" তিনি বলেন, বিশাল ওই প্রকল্পটি দক্ষিণ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে,বাংলাদেশের জন্য নয়।
বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীরমুখে সীমান্তের ওপারে 'টিপাইমুখ বাঁধ' নামেও একটি বাঁধ তৈরি করছে ভারত।
হিমালয় পর্বতমালা থেকে ভারত ও নেপাল হয়ে নেমে আসা ৫৪টি নদী বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়ে। ভারত ও নেপাল উজানের দেশ হিসাবে নেপালে ইতিমধ্যে জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া ভারত ব্রহ্মপূত্র ও গঙ্গা নদী থেকে বিপুল পরিমাণ পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে । বাংলাদেশের পানির চাহিদার ৯০ শতাংশেরও বেশি এ দুটি নদী থেকে আসে।
বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৯২৭ঘ.
bdnews24