২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীর গতিতে চলছে র‌্যাংগস'র উদ্ধার কাজ

একটা একটা করে খুঁটি নামছে ট্রাক থেকে আর তা গুণছেন আব্দুল ওহাব মুন্সী। শুধু ওহাব মুন্সী নয় র‌্যাংগস ভবনের ভেতরে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা গত শনিবার থেকেই অপেক্ষায় রয়েছেন কখন শুরু হবে উদ্ধার অভিযান। জীবিত স্বজন নয় লাশের অপেক্ষায় বসে রয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটা একটা করে খুঁটি নামছে ট্রাক থেকে আর তা গুণছেন আব্দুল ওহাব মুন্সী। শুধু ওহাব মুন্সী নয় র‌্যাংগস ভবনের ভেতরে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা গত শনিবার থেকেই অপেক্ষায় রয়েছেন কখন শুরু হবে উদ্ধার অভিযান। জীবিত স্বজন নয় লাশের অপেক্ষায় বসে রয়েছেন তারা। ছাদ ধসে পড়া র‌্যাংগস ভবনের বেসমেন্ট থেকে ৮ তলা পর্যন্ত ধাতব পাইপ দিয়ে খুঁটি দেওয়ার কাজ বিরামহীন ভাবে চললেও গতি খুবই কম। আর একারণেই লাশ উদ্ধারের কাজ আরো বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমদ। সৈয়দ ইশতিয়াক আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশগুলো যেখান থেকে উদ্ধার করা হবে সেই জায়গাটাও এখন স্টেবল নয়। ফলে যারা সেখানে দাঁড়িয়ে উদ্ধার করবেন তাদের জীবনের ঝুঁকি এখনও আছে। আর এ গতিতে খুঁটি দেওয়ার কাজ চললে লাশ উদ্ধার করতে আরও সময় লাগবে। এছাড়া লাশগুলো কীভাবে উদ্ধার হবে, কখন উদ্ধার হবে সে বিষয় নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি।" মঙ্গলবার সন্ধ্যায় রাজউকের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও বুয়েটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলের ১০ তলা পর্যন্ত পরিদর্শন করেন। ভবনে স্টিলের খুঁটি দেওয়ার কাজের গতিতে অসন্তোষ প্রকাশ করেন বুয়েটের শিক্ষকরা। দ্রুত কাজের জন্য আরও লোকবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রাজউকের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চেষ্টা করছি খুব দ্রুত কাজ শেষ করার জন্য। জনবল ও ইকুইপমেন্টস এর ঘাটতি নেই। রাতদিন কাজ চলছে।" এদিকে ভবনের নীচে তিনদিন ধরে দমকল কর্মীরা উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি নিয়ে বসে রয়েছেন। নির্দেশ পেলেই কাজ শুরু করবেন তারা। ভবনের ভেতর থেকে লাশ উদ্ধারের অপেক্ষায় গত তিনদিন থেকে ভবনের নীচে রাতদিন অপেক্ষা করছেন স্বজনরা। ফরিদপুরের মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল ওহাব মুন্সী ও তার ছোটভাই দাউদ মুন্সী দু'জনই এখানে কাজ করতেন। ঘটনার দিন ওহাব মুন্সী গ্রামের বাড়িতে ছিলেন। ভাইয়ের জন্য রাতদিন কখনও খুঁটি গুণে আবার কখনও কান্নাকাটি করে কাটছে র‌্যাংগস ভবনের সামনে। তিনি বললেন, "ওরা উদ্ধার করতে না পারলে আমাগো বলুক। আমার ভাই ভেতরে আছে, আমাগো তো ঢুকতেই হইবো। আমার ভাইর লাশ না নিয়া আমি বাড়ি যামু না। বাড়িতে মা খালি বারবার হার্টফেল করতাছে। এখন হ্যারে নিয়াও টানাটানি অবস্থা। আপনারা ল্যাখেন আমাগো যেন ঢুকতে দেয়। আমরা অন্তত একবার দ্যাখতে চাই।" তিনি জানালেন তাদের গ্রামেরই ১০ জন এখানে নিখোঁজ রয়েছেন। তাদের সবারই স্বজনরা অপেক্ষা করছেন সকাল থেকে রাত পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকে তিনটি ডেভেলপার কোম্পানির সঙ্গে রাজউকের ৫০ জন শ্রমিক কাজ শুরু করেছে। রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন এ বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারতলা পর্যন্ত বিচ্ছিন্নভাবে খুঁটি দিয়ে ঠেকা দেওয়ার কাজ শেষ হয়েছে।" তিনি জানান, তিনটি ডেভেলপার কোম্পানি এই ঠেকা দেওয়ার কাজ করছে। ৮ তলা পর্যন্ত এ কাজ করতে আনুমানিক ২০ হাজার 'স্টিল প্রোপ' (বিশেষ ধরনের লোহার পাইপ) লাগবে। ৮ তলা পর্যন্ত ঠেকা দেওয়ার কাজ শেষ হলে বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ঘুরে দেখবেন। তারা ভবনটিকে 'ঝুঁকিমুক্ত' ঘোষণা করার পরই মূল উদ্ধার কাজ শুরু হবে। দমকল বাহিনীর সদস্যরা এই উদ্ধার কাজ পরিচালনা করবে। আদালতের নির্দেশে গত ৪ আগস্ট থেকে র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। ২২ তলার মধ্যে ৫ তলা ভাঙার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতে ভবনটির ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি ছাদের মাঝেল অংশ ভেঙে ৩ তলায় নেমে আসে। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৫০ জন নির্মাণ শ্রমিক। তবে দুর্ঘটনায় কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএআর/এমএ/১৯২৮ ঘ.