২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর এলাকায় অনুমোদন পেতে ৭৫ শতাংশ বাড়িওয়ালা ঘুষ দিয়েছেন

চাঁদপুর পৌরসভায় বাড়ি নির্মাণে অনুমোদন পেতে ৭৫ শতাংশ বাড়ির মালিককে ঘুষ দিতে হয়েছে। পৌরবাসীর প্রায় সবাই উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত নন। তাদের মতে উন্নয়ন বাজেটের সব টাকা এলাকার উন্নয়নে খরচ হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

চাঁদুপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পৌরসভায় বাড়ি নির্মাণে অনুমোদন পেতে ৭৫ শতাংশ বাড়ির মালিককে ঘুষ দিতে হয়েছে। পৌরবাসীর প্রায় সবাই উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত নন। তাদের মতে উন্নয়ন বাজেটের সব টাকা এলাকার উন্নয়নে খরচ হয় না। এছাড়া সালিশে পৌর চেয়ারম্যান ও কমিশনাররা রাজনৈতিক প্রভাব খাটান, স্বজনপ্রীতি করেন এবং ঘুষ নেন। তাই তারা নিরপেক্ষ থাকেন না। এর পক্ষে মত দিয়েছেন অর্ধেকের বেশি উত্তরদাতা। চাঁদপুর পৌরসভার সেবা কার্যক্রমের ওপর ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) পরিচালিত একটি জরিপ থেকে এ তথ্য জানা গেছে। জরিপ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার রাতে স্থানীয় রোটারি ক্লাবে একটি গোলটেবিল বৈঠক হয়। এতে জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে পৌর চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। মূলত বিগত পৌর পরিষদের কার্যক্রমের ওপর এ জরিপ চালানো হয় গত বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত। পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪০০টি পরিবারের ওপর জরিপটি চালানো হয়। জরিপ প্রতিবেদনে বলা হয়, পৌরসভার ৬৫ দশমিক ৯ শতাংশ মতে বিগত পৌর পরিষদের আমলে টেন্ডারে অনিয়ম হয়। আর ৩৪ দশমিক ১ শতাংশ বলেছেন হয় না। যারা বাড়িঘর নির্মাণে অনুমোদন নিয়েছেন তাদের মধ্যে ৭৫ শতাংশকে ঘুষ দিতে হয়েছে। ৯৬ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বলেছেন রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজের দরপত্র নেওয়া হয়েছিল। অন্যদিকে ৩ দশমিক ৩ শতাংমের মত হলো দরপত্র নিতে ঘুষ লেনদেন হয়েছে। উত্তরদাতাদের ৯৯ দশমিক ২ শতাংশ বলেছেন, পৌরসভার বার্ষিক উন্নয়ন বাজেট তারা জানেন না। তারা আরও মনে করেন উন্নয়ন বাজেটের সব টাকা এলাকার উন্নয়নে খরচ হয় না। অন্যদিকে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ বলেছেন তারা পৌরসভার বার্ষিক উন্নয়ন বাজেট জানেন। জরিপ প্রতিবেদনে বলা হয়, ৫৯ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বলেছেন সালিশিতে চেয়ারম্যান বা কমিশনার নিরপেক্ষ থাকেন না। এর মধ্যে ১৭ দশমিক ৬ শতাংশ মনে করেন রাজনৈতিক প্রভাবে চেয়ারম্যান বা কমিশনার নিরপেক্ষ থাকেন না। অন্যদিকে ৪১ দশমিক ২ শতাংশের মত হল- ঘুষ গ্রহণের কারণে এবং ৪১ দশমিক ২ শতাংশ জানান, স্বজনপ্রীতির কারণে তারা সালিশে নিরপেক্ষ থাকেন না। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) আহবায়ক অধ্যক্ষ প্রফেসর মনোহয় আলী। প্রধান অতিথি ছিলেন পৌর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। জরিপ প্রতিবেদন তুলে ধরেন সনাক সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা: সৈয়দা বদরুন নাহার, সনাক সদস্য সাংবাদিক কামারুজ্জামান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, ডা: এম এ গফুর, ডা. একিউ রুহুল আমিন প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.