২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন: আবু ওসমান

মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী বলেছেন, একাত্তরে রাজাকাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এজন্য তাদের বিচার অবশ্যই হতে হবে। যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী বলেছেন, একাত্তরে রাজাকাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এজন্য তাদের বিচার অবশ্যই হতে হবে। যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। তিনি জামায়াতে ইসলামীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও দলটি নিবন্ধ বাতিলের জন্য বর্তমান তত্ত্বাধায়ক সরকারের প্রতি আহবান জানান। শনিবার বিকালে নগরীর ডিসি হিল চত্বরে মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধনী আলোচনা সভায় আবু ওসমান চৌধুরী বলেন, পৃথিবীর কোন সভ্যদেশে যুদ্ধাপরাধীরা রাজনীতি করতে পারে না। তিনি বলেন, "বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে করতে হবে।" আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ৩৬ বছরে এই প্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। জামাত ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই আজ এ দাবিতে সোচ্চার। আজকে কেউ যদি যুদ্ধাপরাধীদের বিচারের দাবির বিরোধিতা করে তবে তারা জামাতের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত হবে। কমিশন গঠন করে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করতে সরকারের প্রতি আহবান জানিয়ে শাহরিয়ার কবীর বলেন, "যেভাবে দুর্নীতিবাজদের তালিকা করে বিচারের আওতায় আনা হয়েছে যুদ্ধাপরাধীদেরও একইভাবে বিচার করতে হবে।" তিনি বলেন, মুক্তিযুদ্ধকে যারা গৃহযুদ্ধ বলছে তারা বাংলাদেশকে স্বীকার করে না। সংবিধানের প্রথম বাক্যেই আছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। যারা এটিকে গৃহযুদ্ধ বলছে তারা সংবিধান লঙ্ঘন করছে। অবিলম্বে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত। মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, নাট্যাভিনেত্রী শমী কায়সার। আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন আবু ওসমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আট শিল্পীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৬ ঘ.