চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন অন্যায়কে প্রশয় দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে রয়ে গেছে।
সোমবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত 'বিচার বিভাগের পৃথকীকরণ ও মানবাধিকার' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, "স্বাধীনতার ৩৬ বছরেও আমরা বদলাইনি। আমরা এখনও দুনীর্তির পক্ষে সাফাই গাই।"
বাংলাদেশে মানবাধিকারের অবস্থা সম্পর্কে তিনি বলেন, "মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। অথচ দেশের জনগণকে দুর্নীতিবাজ ও গডফাদারদের কাছে জিম্মি করা হয়েছে। কালো টাকায় ভরে গেছে দেশ। এখন এসবের পরিবর্তনের সময় এসেছে। জনগণ, ছাত্র-শিক্ষক সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে।"
বিচার বিভাগ পৃথককরণ প্রসঙ্গে গণফোরাম সভাপতি বলেন, সরকার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় যখন রাষ্ট্র বাদী হয় তখন বিচারক ও বিচারপ্রার্থীর কোন পার্থক্য থাকে না। নিরপেক্ষতা ও সুষ্ঠু বিচার নিয়ে সংশয় থাকে। তবে পৃথককরণের পরও অনেক কাজ রয়ে গেছে। জুডিশিয়াল সার্ভিস কমিশন ঠিকমত গঠন করতে হবে। যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আবু নোমান।
আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন, "বিচার বিভাগের দুর্নীতি ও ভোগান্তির অবসান করতে হবে। দীর্ঘসূত্রিতা দূর করতে হবে। তাহলেই বিচার বিভাগের পৃথককরণ সার্থক হবে।"
সেমিনারে আরও বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী সালেহ উদ্দিন, চবি আইন অনুষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম শাহ আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানি কনসাল জেনারেল ড. নঈম আহমেদ, জাতিসংঘের তথ্য কেন্দ্রের প্রতিনিধি মো. মনিরুজ্জামান প্রমুখ।
সেমিনারের আগে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমএআর/এমএসবি/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24