কক্সবাজার, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্কাউটিংয়ের শতবর্ষ উপলক্ষে কক্সবাজারে আন্তর্জাতিক সেন্টেনারি সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) এর উদ্বোধন হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবন থেকে বেতার ও টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ কক্সবাজারের মূল ক্যাম্প ও ঘূর্ণিঝড় দুর্গত দক্ষিণাঞ্চলের সাব-ক্যাম্পগুলো উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউট ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের যৌথ আয়োজনে এ কমডেকায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, ভূটান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার স্কাউটাররা অংশ নিচ্ছেন।
কমডেকাকে ঘিরে কক্সবাজার শহর সাজানো হয়েছে বর্ণিল সাজে। শহরের প্রধান প্রধান সড়ক নানা রংঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। সাগরের তীর ঘেষে ফেলা হয়েছে কমডেকার তাঁবু।
সকাল সাড়ে ১১টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় বাংলাদেশ স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে। বক্তব্য রাখেন এফপিআর স্কাউট ফাউন্ডেশনের সভাপতি এরিকখু, এপিআর স্কাউট কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী খালিদ, বিশ্ব স্কাউট ব্যুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ রশিদ।
স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল। কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
উদ্বোধন ঘোষণার পর স্কাউট ও রোভারদের ১০টি চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হয়।
কমডেকার প্রেস অ্যান্ড মিডিয়া বিভাগের ইনচার্জ আরেফিন শামসুল হক জানান, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে 'ব্রাউন সী দ্বীপ' নামে একটি ওয়ার্ক ক্যাম্প খোলা হয়েছে। এছাড়াও প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দুর্গত দক্ষিণাঞ্চলে স্কাউট, রোভার স্কাউটরা সমাজ উন্নয়নমূলক কাজ করছেন।
শামসুল আরেফিন বলেন, ৫৩৮টি ইউনিটে বিভক্ত হয়ে চার হাজার ৮৪২ জন স্কাউট ও রোভার স্কাউট, ৫৫৪ জন কর্মকর্তা, ১৫০ জন প্রশিক্ষিত রোভার, ১৪৪ জন বিদেশি স্কাউট ও সাত জন বিদেশি কর্মকর্তা অংশ নিচ্ছেন।
এছাড়া এক হাজার ২৩৬ জন স্কাউট, রোভার ও ইউনিট লিডার দূর্গত পাঁচ জেলায় বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সাব-ক্যাম্পটির নাম দেয়া হয়েছে 'সুন্দরবন সাব-ক্যাম্প'।
কমডেকা শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর। সমাপনী অন্ষ্ঠুানে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24