ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর র্যাংগস ভবনের ১৮ তলার ছাদ ধসে পড়ে শনিবার রাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
ভবনের ভেতরে কমপক্ষে ১০০ জন আটকা পড়ে। ভবনের ভেতর থেকে কমপক্ষে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
গত ৪ আগস্ট ভবনটি ভাঙা শুরু হওয়ার পর থেকে এ নিয়ে দুজন শ্রমিকের মৃত্যু হল।
গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ।
দমকল বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৯ তলায় কাজ করার সময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আমীরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
রফিকুল ইসলাম জানান, রোববার সকালে বুয়েটের বিশেষজ্ঞ এবং রাজউকের প্রকৌশলীরা যৌথভাবে ভবনটি পরিদর্শন করে করণীয় ঠিক করবেন।
সংশ্লিষ্ট শ্রমিকরা আইন লংঘন করে নির্মিত বিতর্কিত ভবনটি ভেঙে ফেলার কাজে নিয়োজিত ছিল।
র্যাংগস ভবনে কর্মরত শ্রমিক আতিক মণ্ডল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তারা ১০/১২ জন মিলে ১২ তলায় বসে তাস খেলছিলেন। সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে ওপর থেকে ছাদ ভেঙে পড়ে।
আতিক জানান, কমপক্ষে ১৫০ জন শ্রমিক দিনের বেলায় র্যাংগস ভবন ভাঙার কাজ করে। রাতে তারা ভবনের ভেতরেই ঘুমায়। দুর্ঘটনার সময়ও শতাধিক শ্রমিক ওই ভবনের বিভিন্ন তলায় অবস্থান করছিল।
সুপ্রিম কোর্ট থেকে ওপরের ১৬টি তলা ভেঙে ফেলার অনুমতি পাওয়ার পর রাজউক প্রথমে ভবনটির ভেতরের বিভিন্ন অংশ ভেঙে ফেলে বাকি কাজ বেসরকারি প্রতিষ্ঠান সিক্স স্টারকে দেয়।
ছাদ ভেঙে পড়ার পর পুলিশ এবং প্রায় ৪০জন সেনাসদস্য এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেন এবং বিজয় সরণিতে যান চলাচল বন্ধ করে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর আলোকচিত্রী মুস্তাফিজ মামুন দমকল কর্মীদের সঙ্গে ভবনটির ভেতরে ঢোকেন এবং ভেঙে পড়া ধাতবপাত ও ইটপাথরের স্তুপ দেখতে পান।
৫০ বছর বয়সী শ্রমিক কবির মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ তলায় কাজ করার সময় তিনি ছাদ ভেঙে পড়ার ধাক্কায় দূরে ছিটকে পড়ে আহত হন।
গত ৪ আগস্ট ভবনটি ভাঙার কাজ শুরু হওয়ার ৪ দিন পরই ১২ তলা থেকে পড়ে গিয়ে সোহরাব হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশের সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, "৩ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছাদ ভেঙে পড়ার সময় তারা ওপর থেকে পড়ে যায়। কতজন আটকা আছে তা এখনই বলা যাচ্ছে না।"
তিনি জানান, আহতদের মধ্যে আজাহার (২২) ও শফিককে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি তিনজনের পরিচয় জানা যায়নি।
এর আগে দমকল সদর দপ্তরের উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া জানান, তারা সাড়ে ১০টার পর র্যাংগস ভবন এলাকায় পৌঁছান। গেট বন্ধ থাকায় তাদের তালা ভেঙে ভেতরে ঢুকতে হয়।
সেলিম নেওয়াজ ভূঁইয়া বলেন, সবচে ওপরের তলায় ভবনের ভাঙা 'রাবিশ' জমা করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর চাপেই ছাদ ভেঙে পড়েছে।
র্যাংগস ভবন বৃত্তান্ত
গত ৩ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিতর্কিত র্যাংগস ভবনের ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় ওই এলাকায় ৬ তলার বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ।
৪ আগস্ট ভোর থেকে র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। একাজে কয়েকশ শ্রমিককে নিযুক্ত করা হয়।
২২ তলা র্যাংগস ভবনের কাজ শুরু হয় ১৯৮৯ সালে। শেষ হতে সময় লেগেছে ১০ বছর।
অভিযোগ রয়েছে, ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত হস্তক্ষেপে ভবনটির স্থানের ওপর দিয়ে প্রস্তাবিত সড়কের নকশা থাকা সত্ত্বেও রাজউক এর নকশা অনুমোদন করে। ১৯৮৯ সালে ১০ তলা অফিস কাম শপিং সেন্টার হিসেবে রাজউক নকশা পাস করে। সে বছরই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়।
সুউচ্চ র্যাংগস ভবনের কারণে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাহিনী এ ব্যাপারে অব্যাহতভাবে আপত্তি জানিয়ে আসছিল। সর্বশেষ, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এক আন্তঃমন্ত্রণালয় সভায় র্যাংগস ভবন ভাঙার নীতিগত সিদ্ধান্ত হয় ।
আদালতে বিচারাধীন বিষয় হওয়া সত্ত্বেও র্যাংগস কর্তৃপক্ষ বিএনপি ও আওয়ামী লীগ উভয় সরকারের আমলেই ভবনটির নির্মাণকাজ কমবেশি অব্যাহত রাখে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমকে/ডিডি/জেকে/এসকে/০০৪৫ঘ.
bdnews24