২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের আন্দোলন চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে রোববারের পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি বহাল থাকছে। শনিবার রাতে এক জরুরি সভায় ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ এ সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের কর্মসূচির পর বৈঠক করে পরের দিনের করণীয় ঠিক করা হবে বলে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। (আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা,ডিসেম্বর০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে রোববারের পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি বহাল থাকছে। শনিবার রাতে এক জরুরি সভায় ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ এ সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের কর্মসূচির পর বৈঠক করে পরের দিনের করণীয় ঠিক করা হবে বলে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। শনিবার রাত প্রায় ১১ টায় শিক্ষক সমিতির বৈঠক শেষ হয়। তাজমেরী ইসলামের সভাপতিত্বে ৭ জন সভায় উপস্থিত ছিলেন। সভাশেষে তাজমেরী ইসলাম বলেন, "বৈঠকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেয়া হয় ।" এর আগে সরকারের দিক থেকে পাওয়া সাড়াকে 'ইতিবাচক' বলে অভিহিত করে তিনি জানান, এজন্য দ্বিতীয় দিনের কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবারের মৌন প্রতিবাদের ব্যাপারে রোববার সন্ধ্যা ৬টায় জরুরি সভায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাজমেরী ইসলাম জানান। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর সঙ্গে তার ফোনে কথা হয়। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "এই প্রথম সরকারের দায়িত্বশীল মহল থেকে ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে অতি দ্রুত ইতিবাচক সাড়া পেলাম।" এর আগে রাত ৯টার কিছু আগে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তারা সভায় বসতে যাচ্ছেন। এর কিছু সময় পরই সভা শুরু হয়। এর আগে রাত ৯টার দিকে সমিতির ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের জন্য শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর 'অনুরোধের' বিষয়ে অধ্যাপক তাজমেরী ৯ টায় বলেন, "সন্ধ্যায় আমরা একটা মেসেজ পেয়েছি। সভা করে নিশ্চিত হব কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না।" কী 'মেসেজ' পেয়েছেন সে বিষয়ে অবশ্য তিনি তখন পরিষ্কার করে কিছু বলেননি। এর আগে শিক্ষক সমিতি নেতারা বলেছিলেন, আটককৃতদের মুক্তির বিষয়ে বিষয়ে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে 'ইতিবাচক সাড়া' না পেলে তারা রোববার থেকে শুরু হতে যাওয়া কর্মসূচিতে অটল থাকবেন। সমিতির ঘোষিত কর্মসূচি নিয়ে সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও ছাত্রদের বুধবারের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার জরুরি সভা করে ঢাবি শিক্ষক সমিতি। সভায় রোববার কালো ব্যাজ পরে শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ও সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে একঘণ্টা মৌন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে শনিবার ঢাবি উপাচার্য অধ্যাপক এম এম এ ফায়েজসহ শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন ডিজিএফআই এর কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা। সিনেট ভবনে শনিবার দুপুর পৌনে ১টায় শুরু হওয়া এ বৈঠকে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক আর আই এম আমিনুর রশীদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক সাইয়্যাদ সালেহীন কাদরী উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে উপাচার্য ছাত্র-শিক্ষক মুক্তির বিষয়ে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের বলেন, "আমরা গঠনমূলক আলোচনা করেছি এবং ইতিবাচক ফলের প্রত্যাশা করছি।" ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু পরিষ্কারভাবে না জানালেও উপাচার্য বলেন, "ওরা (ডিজিএফআই কর্মকর্তারা) ওদের মতো করে ঘটনার গভীরে গিয়ে বিষয়টি দেখার চেষ্টা করছে। তবে আলোচনা ফলপ্রসু বলে আমি মনে করছি।" এর আগের খবরে সরকারের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা চলছে বলে জানান শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। বৈঠক সম্পর্কে তিনি বলেন, "আশার বাণী আছে, তবে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।" সন্ধ্যার মধ্যে কোনো 'ভালো খবর' না এলে সমিতির ঘোষিত কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান। অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক সমিতির কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এসময় সমিতি এ কর্মসূচি পরিবর্তন করতে পারে কিনা তা নিয়ে কথা হয়। আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষক নেতারা বৈঠকে জানিয়েছেন, সরকারের দায়িত্বশীল মহল থেকে দাবির ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হলে শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের ওপর প্রতিশোধপরায়ণ না হয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, এতদিন কথাবার্তা খুব ধীরে হচ্ছিল, আশা করি এবার দ্রুত সমাধান হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এফডাব্লিউসি/এসএনডি/এমএ/এসকে/২১৪০ ঘ.