বাগেরহাট, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানা পর থেকে ৬ ডিসেম্বর পর্যন্তবাগেরহাটের দুর্গত এলাকার কৃষকদের মাঝে সোয়া আট কোটি টাকা ঋণ বিতরণ করেছে তিনটি ব্যাংক। এ ঋণের প্রথম ছয় মাসের সুদ দিতে হবে না।
কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশে স্থানীয় অর্থনীতিকে পুনরুদ্ধার ও কৃষকদের মনোবল চাঙ্গা করতে এ ঋণ বিতরণ করা হচ্ছে বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, এ ঋণের সুদ আগামী ছয় মাস পর্যন্ত মওকুফ করা হয়েছে।
বাগেরহাট অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নূর-উল- বাশার খান জানান, ব্যাঙ্কের ১৩টি শাখা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শরণখোলা, মোড়েলগঞ্জ, মংলা, সদর ও কচুয়া উপজেলার কৃষি ও পল্লী খাতে কৃষকদের মাঝে এক কোটি ২৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বাগেরহাট সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন শেখ জানান, চিংড়ি চাষ প্রকল্প, রোপা আমন ও বোরো চাষ মৌসুমে সোনালী ব্যাঙ্কের ৮টি শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
বাগেরহাট কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক কাজী বায়েস নওয়াজ জানান, কৃষি ব্যাঙ্কের ২০টি শাখা শস্য, মৎস্য, পশু সম্পদ, সেচ ও দারিদ্র বিমোচন প্রকল্পে ১৫৬০ জন কৃষককে ৫ কোটি ৪৭ লাখ টাকা ঋণ দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24