নতুন দিল্লি, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক সম্পর্কের উন্নয়নকেই নতুন দিল্লিতে শুরু হওয়া সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন জানান, সার্কের সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে সাতটা আন্তঃআঞ্চলিক যোগাযোগ প্রকল্পের কাজ শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে।
তিনি জানান, আন্তঃযোগাযোগ বাড়ানোর বিষয়টি বৈঠকে আলোচনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে।
যোগাযোগ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, কলম্বো, কোচি ও টুটিকরিন এর মধ্যে ফেরি যোগাযোগ চালু করা, চেন্নাই ও কলম্বোর মধ্যে একটি রেল সংযোগ স্থাপন এবং ভুটানের সীমান্ত পর্যন্ত রেলপথ বাড়ানো।
এছাড়া আন্তঃযোগাযোগ প্রকল্পের মধ্যে ইসলামাবাদ ও নতুন দিল্লির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করার বিষয়টিও রয়েছে।
মরিশাস ও অস্ট্রেলিয়াকে সংস্থার পর্যবেক্ষক হিসেবে যুক্ত করার বিষয়েও আলোচনা করা হবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও ইরান সার্কের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
বৈঠকে সন্ত্রাস বিরোধী বিভিন্ন সনদ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকেসি/টিএইচ/এমএ/১৬৩০ ঘ.
bdnews24