২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলা নেয়নি পুলিশ

সরকারের পূর্বানুমতি না থাকায় তেজগাঁও থানা পুলিশ রাষ্ট্রদোহ মামলা গ্রহণ না করে বৃহস্পতিবার দুপুরে মহানগর মূখ্য আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছে। গত বুধবার মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ঢাকার মুখ্য মহানগর আদালত মামলা করলে আদালত তার জবানবন্দি গ্রহণের পর তেজগাঁও থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারের পূর্বানুমতি না থাকায় তেজগাঁও থানা পুলিশ রাষ্ট্রদোহ মামলা গ্রহণ না করে বৃহস্পতিবার দুপুরে মহানগর মূখ্য আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছে। গত বুধবার মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ঢাকার মুখ্য মহানগর আদালত মামলা করলে আদালত তার জবানবন্দি গ্রহণের পর তেজগাঁও থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও সাবেক সচিব ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহ মো. হান্নানের বিরুদ্ধে এই রাষ্ট্রদোহ মামলার করার আদেশ চেয়েছিলেন কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তেজঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' সরকারের পূর্বানুমতি না থাকার কারণে রাষ্ট্রদোহ মামলার অভিযোগ থানায় গ্রহণ না করে আদালতে ফেরত পাঠানো হয়েছে। কারণ রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন হয়। এক্ষেত্রে তা ছিল না। '' বিকেলে তেজগাঁও থানার মামলা ফেরতের প্রতিবেদনটি মহানগর মূখ্য হাকিম এ কে এম এনামুল হকের আদালতে উপস্থাপন করা হলে তিনি 'দেখিলাম' উল্লেখ করে তা আদেশ প্রদানকারী আদালতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন,'' রাষ্ট্রদ্রোহ মামলা কোন ব্যক্তি করতে পারে না।" তিনি রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে আরও বলেন, '' ৩৬ বছর পারেনি কেন, তাদের জিজ্ঞাসা করুন। আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের কাজ আমরা করবো। আমাদের লক্ষ্য নির্দিষ্ট করা রয়েছে। গণতন্ত্রের জন্য যা করা দরকার, আমরা করবো। সারাদেশের সমস্যা তো সমাধান করা যাবে না।" বুধবার মহানগর মুখ্য হাকিম এমরান হোসেন চৌধুরীর আদালতে কেরাণীগঞ্জের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুদ্ধাপরাধ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মো. মুজাহিদ ও কাদের মোল্লা এবং সাবেক সচিব শাহ মো. হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার আদেশ চান আদালতের কাছে। ফজলুর রহমান আদালতে পেশ করা মামলার আরজিতে বলেছেন, "মামলার বাদি একজন বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক। অভিযুক্তরা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।" মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান আরজিতে অভিযোগ করেন, অভিযুক্তরা রাজাকার, আলবদর, আল শামস বাহিনী গঠন করে হত্যা, অগ্নিসংযোগ ও দুই লাখ নারীকে ধর্ষণ করে স্বাধীনতাকামী বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। স্বাধীনতার ৩৬ বছর পরেও তারা বাংলাদেশের পতাকা, সংবিধান, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসকে মেনে নিতে পারেনি। আরজিতে 'এদেশে কখনো কোন স্বাধীনতাবিরোধী বা যুদ্ধ অপরাধী নেই'-এ মর্মে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত আলী আহসান মুজাহিদের গত ২৫ অক্টোবরের মন্তব্যের কথাও উল্লেখ করা হয়। আরজিতে বলা হয়, পরদিন ২৬ অক্টোবরে জামায়াত সমর্থক হিসাবে পরিচিত সাবেক আমলা ও জামায়াতের মালিকানাধীন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মো. হান্নান এক টিভি সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধকে 'গৃহযুদ্ধ' বলে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে যে 'কটূক্তি' করে তা "দেশের সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী"। গত ৩১ অক্টোবর একটি আলোচনা সভায় অভিযুক্ত কাদের মোল্লা 'এদেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় সুন্দরী নারীদের লোভে, হিন্দুদের সম্পদ লুন্ঠন ও ভারতীয় স্বার্থ রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেন'-বলে যে কথিত উক্তি করেছেন তারও উল্লেখ করা হয় এজাহারে। বাদী তার আরজিতে আরও বলেন, অভিযুক্তদের এসব বক্তব্য স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্য দলিলাদির পরিপন্থী। তারা এসব মন্তব্য করে স্বাধীনতার জন্য জাতির মহান সন্তানদের আত্মত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। ওইসব ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা সংসদ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাদী "বাধ্য হয়ে" আইনের আশ্রয় নিলেন বলে আরজিতে উল্লেখ করা হয়। বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। মামলার আরজিতে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও বার্তা সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদককে সাক্ষী হিসাবে উল্লেখ করা হয়। কেননা অন্যান্য পত্রিকার মধ্যে ওই দু'টিতেও অভিযুক্তদের মন্তব্য প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ দন্ডবিধির ১২১ (এ)/ ১২৩ (এ) ধারায় মামলাটি দায়ের করা হয়। মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী শুনানি শেষে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ অভিযোগ মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/১৬৪৭ঘ.