ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার সন্ত্রাসীরা মো. ইউসুফ (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করেছে।
যাত্রাবাড়ি থানার উপ পুলিশ পরিদর্শক আল মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৩/৪ জন সন্ত্রাসী শনির আখড়ার সনি গার্মেন্টসে ঢুকে মালিক সিদ্দিকুর রহমানকে খোজাখুঁজি করে। তাকে না পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়।
গুলিতে অপারেটর মো. ইউসুফসহ দুইজন আহত হয়। আহতদের মধ্যে ইউসুফকে সহকর্মীরাই বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর জনের নাম এবং তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৬৩৬ঘ.
bdnews24