ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগরীর সব বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানকে পুলিশ কমিশনারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এজন্য সব প্রতিষ্ঠানকে ৩১ ডিসেম্বররের মধ্যে আবেদন করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, "আবেদন করার পর প্রতিষ্ঠানটির ব্যাপারে তদন্ত করা হবে। এরপর অনুমোদন হলে দ'ুবছরের জন্য লাইসেন্স ফি বাবদ ২ লাখ টাকা এবং জামানত হিসাবে ৫ লাখ টাকা দিতে হবে।"
তিনি জানান, জামানতের টাকা ফেরতযোগ্য। আগামি বছর জানুয়ারী মাসের মধ্যে এ সংক্রান্ত সব কাজ শেষ করা হবে। ফেব্র"য়ারি মাস থেকে কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ব্যবসা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নাইম আহমেদ জানান, কোন ব্যক্তির ফৌজদারি অপরাধে ২ বছরের সাজা হলে মুক্তি লাভের পর ৫ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি লাইসেন্স পাবেন না।
তিনি জানান, বেসরকারী নিরাপত্তা সেবা আইন ২০০৬ এর ১৭ ধারা অনুযায়ী এই লাইসেন্স গ্রহণ করে ব্যবসা করতে হবে আর তা না করলে দন্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। এ ক্ষেত্রে আইন অমান্য করলে তিন বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ ও অনধিক ১০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন।
ঢাকা মহানগরীতে প্রায় ৫০ থেকে ৬০ টি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবস্থা চালু হলে সরকারের বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানান নাইম আহমেদ।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এইসব নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যরা কোনো ভাবেই সরকারের আইন শৃংখলা বাহিনীর মতো পোশাক পরতে পারবেন না।
পুলিশ কমিশনার জানান, ঢাকার কয়েকটি মার্কেটে বড় ধরনের ডাকাতির ঘটনায় তদন্ত করে দেখা গেছে ডাকাতির ঘটনার সঙ্গে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোনো না কোনো ভাবে জড়িত। লাইসেন্স প্রদানের সিদ্ধান্তের ব্যাপারে এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24