২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোকেয়া স্মৃতি কেন্দ্র'কে নারী প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাসস্থান রংপুরের পায়রাবন্দের 'রোকেয়া স্মৃতি কেন্দ্র'কে নারী প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাসস্থান রংপুরের পায়রাবন্দের 'রোকেয়া স্মৃতি কেন্দ্র'কে নারী প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৯ ডিসেম্বর জাতীয় পর্যায়ে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের নারী সমাজের পিছিয়ে থাকা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বঞ্চিত হওয়া এবং যৌতুক ও নির্যাতনের কারণগুলো চিহ্নিত করতে সরকারের পক্ষ থেকে তিন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে এটি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে বেগম রোকেয়া পদক প্রদান, বিভিন্ন এলাকায় আলোচনা অনুষ্ঠান, রোকেয়া ডকুমেন্টেশন সেন্টার উদ্বোধন, বিভিন্ন প্রকাশনা প্রকাশ, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'পুলিশ সংস্কার কর্মসূচি'র অধীনে 'ভিকটিম সাপোর্ট সেন্টার' স্থাপন করে নির্যাতিত মহিলা ও শিশুদের জন্য হেল্প লাইন চালু করা। এছাড়া ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার সন্তান-সম্ভবা দরিদ্র নারীদের চলতি মাস থেকেই মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে বলে উপদেষ্টা জানান। এর জন্য ১৭ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। সচিব রোকেয়া সুলতানা ও প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/এসকে/১৭৪৮ঘ.