ভোলা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণ ও গৃহ নির্মাণ সহায়তার টাকা এবং ভিজিএফ এর চাল বিতরণে তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে মঙ্গলবার বোরহানউদ্দিন ও সদর উপজেলার চার ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌবাহিনী সদস্যরা। পরে তাদের করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাইনুদ্দিন ও বশির উদ্দিন, সদর উপজেলার বাপ্তা ইউপি'র সদস্য আবদুর রশিদ, ভেলুমিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম ও ছয় সঙ্গী।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন, নৌ বাহিনীর লে. কমান্ডার মুজাহিদ বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ত্রাণ ও গৃহনির্মাণ সহায়তার টাকা এবং ভিজি এফ এর চাল বিতরণ করতে যান। তাদের সঙ্গে ছিলেন ইউপি সদস্য মো. মাইনুদ্দিন ও বশির উদ্দিন।
লে. কমান্ডার মুজাহিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা ও চাল বিতরণের সময় তালিকা থেকে বাদ পড়া প্রকৃত ক্ষতিগ্রস্তরা ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ভুয়া তালিকা তৈরি ও স্বজনপ্রীতির কথা জানান। তারা লাইনে দাঁড়ানো এ অনিয়মের সুবিধাভোগী কয়েকজনকে চিহ্নিত করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
লেফট্যানেন্ট কমান্ডার মুজাহিদ বলেন, তাৎক্ষণিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুই ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে মঙ্গলবার দুপুরে বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ ও ভেলুমিয়া ইউপি সদস্য নুরুল ইসলামকে তার ছয় সঙ্গীসহ নৌ-বাহিনী আটক করেছে। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১২০ ঘ.
bdnews24