গাজীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূবাইলে রেল লাইনের পাশের একটি ডোবা থেকে মঙ্গলবার দুপুরে ৫৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
উদ্ধার করা গুলির মধ্যে পয়েন্ট ২২ বোর পিস্তলের ৩৯০ টি ও শর্ট গানের ১৫০ টি গুলি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে ২৭ নভেম্বর ঘটনাস্থলের ১০০ গজ দূর সরকারি আশ্রয় কেন্দ্রের পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছিল পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী ফোনে জানায়, সকাল ১১ টার দিকে পুবাইল সরকারি আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে রেল লাইন সংলগ্ন ডোবায় মাছ ধরার সময় জেলেদের জালে এসব গুলি উঠে আসে। কাপড়ের দুইটি ব্যাগে গুলিগুলো মোড়ানো ছিল।
খবর পেয়ে র্যাব-১ এর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে গুলি জব্দ করে। পরে জয়দেবপুর থানা পুলিশও ঘটনাস্থলে যায়।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. মিটু শেখ জানান, র্যাব-১ এর উপপরিদর্শক কামরুল ইসলাম গুলি জব্দ করে নিয়ে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24