ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার হওয়ার পরও তাদের ব্যাপারে সরকারের সদয় হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
মঙ্গলবার তিনি বলেছেন, "এখনও তাদের (সাজা পাওয়া শিক্ষকদের) উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া তাদের ব্যাপারে সরকারের সদয় হওয়ারও সুযোগ রয়েছে।"
রাজধানীর সোনারগাঁও হোটেলে 'লেজিসলেটিভ ডেস্ক বুক' এর মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, "শিক্ষকদের বিচারের মুখোমুখি হতে হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে কেউই যে আইনের উর্ধ্বে নয়, এই ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার।"
"শিক্ষকদেরও বিচারের মুখোমুখি হতে হচ্ছে", এই পরোক্ষ প্রশ্নের উত্তরে মইনুল হোসেন বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনেক 'ধারণাতীত' ঘটনার মুখোমুখি হতে হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষক ছাত্রের সম্পর্ক থাকবে পিতা-পুত্রের মতো । কিন্তু তা না হয়ে শিক্ষকরা ছাত্রদের দলবাজি করার ব্যাপারে উস্কানি দিচ্ছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৭২১ঘ.
bdnews24