২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ আদালতের নির্দেশেই বিশেষ এজলাসে হাসিনার বিচার হচ্ছে: মইনুল

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, উচ্চ আদালতের অনুমতি নিয়েই সরকার সংসদ ভবন এলাকায় মহানগর দায়রা জজ আদালতের এজলাস স্থাপন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, উচ্চ আদালতের অনুমতি নিয়েই সরকার সংসদ ভবন এলাকায় মহানগর দায়রা জজ আদালতের এজলাস স্থাপন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "সরকার উচ্চ আদালতের অনুমতি নিয়েই সংসদ ভবন এলাকায় মহানগর দায়রা জজ আদালতের এজলাস স্থাপন করেছে। যদি কেউ এ প্রক্রিয়া চ্যালেঞ্জ করতে চায় তাহলে করতে পারে।" বিশেষ আদালত নতুন কোন আদালত নয় মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, শুধু এর স্থান পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, "সুযোগ- সুবিধা বিবেচনা করে একটি বিশেষ এলাকায় এই আদালত স্থাপন করা হয়েছে। যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই করা হয়েছে।" স্বাধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হবে এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, এটা করতে আরও সময় লাগবে। যতদিন সচিবালয় পৃথক করা না হয় ততদিন বিচারপ্রার্থী এবং বিচারকদের কিছু ঝামেলা পোহাতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে সরকার দ্রুত স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, নতুন সচিবালয় না হওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয় বিচার বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করছে। উচ্চ আদালতের নির্দেশেই এটা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৭১১ঘ.