২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত থাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা সাদুল্যাপুর আ'লীগের

সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় জামায়াতকে আমন্ত্রণ করায় আওয়ামী লীগ, জাসদ ও সিপিবি ওই সভা বর্জন করেছে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সব অনুষ্ঠানও বর্জনের ঘোষণা দিয়েছে দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় জামায়াতকে আমন্ত্রণ করায় আওয়ামী লীগ, জাসদ ও সিপিবি ওই সভা বর্জন করেছে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সব অনুষ্ঠানও বর্জনের ঘোষণা দিয়েছে দলগুলো। এ ব্যাপারে জানতে চাইলে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আহাম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সব বৈধ রাজনৈতিক দলকে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়।" আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব ও জাসদের উপজেলা আহ্বয়ক অধ্যাপক আনসার আলী জানান, জামায়াতকে আমন্ত্রণ জানানোর কারণে তারা সোমবারের সভা বর্জন করেছেন। তারা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠানও বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সোমবার একটি প্রস্তুতি সভা করে। এতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতকেও আমন্ত্রণ জানানো হয়। সভায় উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা শাহারিয়া খান বিপ্লব এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যান। এ সময় তার সঙ্গে উপজেলা জাসদ আহবায়ক অধ্যাপক আনছার আলী ও সিপিবি নেতাকর্মীরাও সভা বর্জন করেন। অবশ্য সভায় উপস্থিত উপজেলা যুবদল সভাপতি শহীদুল ইসলাম সেলিম বলেন, "ইউএনও সরকারি নির্দেশ অনুযায়ী এটা করেছেন। তাই আমরা সেখানে উপস্থিত থাকার মধ্যে কোনো অন্যায় দেখি না।" উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বয়ক মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, "আওয়ামী লীগ ঠিকই করেছে। তবে তারা আমাদের সঙ্গে আগে কথা না বলায় তাদের সঙ্গে আমরা একাত্ম হইনি। তাছাড়া অনুষ্ঠানে জামায়াতকে আমন্ত্রণ করা হলেও তাদের কেউ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এসএনডি/২২৪৫ ঘ.