সাতক্ষীরা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্যামনগর উপজেলা হরিনগর বাজারে সোমবার ২২ কেজি হরিণের মাংসসহ একটি মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে বিডিআর ও বন বিভাগের সদস্যরা। তবে দুই যাত্রী পালিয়ে যায়।
শ্যামনগর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মৃদুল কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হরিনগর বাজারে একটি মাইক্রোবাস (নম্বর-ঢাকা মেট্রো-চ-৫৩০০১৬) তল্লাশী চালায় বনবিভাগ ও বিডিআর সদস্যরা। এ সময় মাইক্রোবাস থেকে ২২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আটক চালকের বাড়ি কুমিল্লার বরুড়া থানার পেরডা গ্রামে।
বিডিআর ও বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাংস পাচারকারী দু'জন পালিয়ে যায় বলে তিনি জানিয়েছেন।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্চের শ্যামনগর কদমতলা ষ্টেশন কর্মকর্তা সোলায়মান আলী বলেন, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শ্যামনগরের চুর্নকুড়ি গ্রামের ফকির (৪৫) ও সুবল দাসকে (৪০) আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন ঢাকার সাভার থানার ইয়াকুব আলী ও শাহাবুদ্দীন মাইক্রোবাসে শুক্রবার সুন্দরবন দেখতে আসেন এবং ফেরার পথে হরিণের মাংস নিয়ে যাচ্ছিলেন।
এর আগে ৩০ নভেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের কাউন্টারে একটি চামড়ার ব্যাগ থেকে ১৫টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24