চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের নির্মাণ কাজে ত্র"টি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের একটি উচ্চ পর্যায়ের কমিটি স্টেডিয়াম পরিদর্শনে এসে নিয়ম অনুযায়ী কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আব্দুল হামিদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সফিউল আলমসহ জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম পর্যবেক্ষণের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকল্প প্রকৌশলী সুকুমার সাহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ঠিকাদাররা নিয়মানুযায়ী কাজ করেনি, কাজে ত্র"টি রয়েছে।"
কমিটির কর্মকর্তারা জানান, মূল নক্সা অনুযায়ী গ্যালারির সামনে রড দিয়ে নির্মিত নিরাপত্তা বেড়ায় ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি ফাঁকা থাকার কথা থাকলেও আছে ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি। দেড় ইঞ্চির জায়গায় সাড়ে ৫ ইঞ্চি ও ৬ ইঞ্চির জায়গায় ৭ ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে। বেড়ার নিচের দেওয়ালে ১২ মিলি মিটার (মি.মি.) রড এর পরিবর্তে ৮ মি.মি. রড ব্যবহার করা হয়েছে। ড্রেনের দেওয়ালে ১২ মি.মি. রডের বদল ব্যবহার হয়েছে ৮ মি.মি. রড। পরিমাণ মত পাথরের টুকরা ও সিমেন্ট ব্যবহার করা হয়নি। মাটির পরিবর্তে বালু দিয়ে মাঠ ভরাট করা হয়েছে। এছাড়া গ্যালারিও নির্মাণ করা হয়েছে নিয়ম না মেনে।
নাম প্রকাশ না করার শর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একজন কর্মকর্তা স্টেডিয়ামের স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, "এত টাকা খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এটাতো দু'চার বছর পরই ভেঙ্গে পড়বে।"
স্টেডিয়াম নির্মাণে ঠিকাদাররা ব্যাপক দূর্নীতি করছেন বলেও তিনি অভিযোগ করেন।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানায়, স্টেডিয়াম নির্মাণের জন্য মোট ১২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এজন্য শহরের রেহাইচর এলাকায় নয় একর জমি অধিগ্রহণ করা হয়। জমির দাম বাদ দিয়ে স্টেডিয়ামের মূল অবকাঠামো তৈরি বাবদ খরচ ধরা হয় ১০ কোটি ৫০ লাখ টাকা।
স্টেডিয়াম নির্মাণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ আবুল মোমেন লিমিটেড, টেকনো মিডিয়া, বিনিময় কনস্ট্রাকশন, আবু হাসান এমডি তোজাম্মেল, এ আর এন্টারপ্রাইজ ও সুমন এন্টারপ্রাইজকে নিয়োগ দেয়।
২০০৬ সালের জুলাই মাসে ছয়টি অংশে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। গ্যালারি, প্যাভিলিয়ন, মাঠের মধ্যে মাটি ভরাট ও সুইমিং পুলসহ অন্যান্য কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো কাজ শেষ হবে ২০০৮ সালের জুন মাসে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24