পঞ্চগড়, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে পঞ্চগড়ে করা একটি মামলায় দৈনিক ইনকিলাব এর সম্পাদক এমএম বাহাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার পঞ্চগড়ের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মো. মিজানুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই এর প্রতিনিধি এ রহমান মুকুল গত বছর ২৬ নভেম্বর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে ৫০০/৫০১/৫০৬ ধারায় মামলাটি করেন।
মামলায় ইনকিলাবের জেলা সংবাদদাতা এসএম লায়েক আলী, তেঁতুলিয়া সংবাদদাতা মজিবর রহমান ও ইনকিলাব সম্পাদক এমএম বাহাউদ্দিনসহ ছয়জনকে আসামি করা হয়।
মুকুলের অভিযোগ, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রতিহিংসামূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কল্পিত সংবাদ দৈনিক ইনকিলাবে প্রকাশ ও তা ফটোকপি করে জেলার বিভিন্নস্থানে বিতরণ করা হয়েছে।
বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। খলিলুর রহমান নামের এক আসামি মারা যাওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেয়।
চার আসামি আদালত থেকে জামিন নিলেও ইনকিলাব সম্পাদক আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24