চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎসের বাইরে সম্পত্তি অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও তার স্ত্রী হাসিনা মহিউদ্দিনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী রোববার এ মামলা করেন।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিন কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকার গোপন সম্পত্তি এবং জানা আয়ের উৎসের বাইরে সম্পত্তি অর্জনের খোঁজ পাওয়ায় দুদক এ মামলা করে।
কমিশনের উপপরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনুসন্ধানে দেখা গেছে মহিউদ্দিন ও হাসিনা মহিউদ্দিন দুদকে দেওয়া হিসাব বিবরণীতে দুই কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া তারা এক কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৯৫৪ টাকার সম্পত্তির উৎস দেখাতে পারেননি।
মহিউদ্দিন চৌধুরীর পক্ষে স্ত্রী হাসিনা মহিউদ্দিন এ বছর ১২ জুলাই দুদকে দুই কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৯৯২ টাকার সম্পত্তির হিসাব বিবরণী জমা দেন বলে জানান তিনি।
কারা অন্তরীণ মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুদক এর আগে তিনটি মামলা করে।
এর মধ্যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণে দুর্নীতির মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেয়রসহ অন্য আসামিদের দায়মুক্তি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24