বরিশাল, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রধান সমন্বকারী ও যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন বলেছেন, ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় প্রয়োজন অনুযায়ী আরও মানুষকে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় আনা হবে।
রোববার বরিশাল সার্কিট হাউজে ত্রাণ কার্যক্রম সমন্বয় সম্পর্কিত এক সভায় তিনি বলেন, "২৬ লাখ মানুষকে ডিসেম্বর থেকে আগামী চার মাস পর্যন্ত বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ সুবিধা যাতে আরও বেশি মানুষ পায় সেটা বিবেচনা করছে সরকার।"
ভিজিএফ (ভালনারেবল গ্র"প ফিডিং) কর্মসূচির পাশাপাশি টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিও চলবে বলে যোগাযোগ উপদেষ্টা জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে উপদেষ্টা এমএ মতিন বলেন, বিদেশে উৎসব কিংবা দূর্যোগের সময় ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এ চিত্র ঠিক তার উল্টো।"
ব্যবসায়ীরা দুর্গতদের পুঁজি করে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায় সেদিকে নজর দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
উপদেষ্টা জানান, ২৫ নভেম্বর রাষ্ট্রপতির জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বয়ের মাধ্যমে দূর্গত এলাকায় কাজ করছে।
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ওই সভায় ঘূর্ণিঝড় পরবর্তী পূনর্বাসন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি।
দুর্গত এলাকার বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, শিক্ষার্থীদের বই কিনে দেওয়া ও এসএসসি পরীক্ষার্থীদের ফি ছাড়া ফরম পূরণের সুযোগ করে দেওয়ার কথাও উল্লেখ করেন উপদেষ্টা।
সভায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, "ঋণ খেলাপিদের তালিকায় রয়েছেন সমাজের বিত্তশালীরা। তার পরও বিত্তশালীরা ঋণ পাচ্ছেন। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন ঋণ নিতে যান তখন তারা হয়রানির শিকার হন।"
তিনি জানান, ক্ষতিগ্রস্তরা যাতে সহজ শর্তে ঋণ পায় তার জন্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সভায় সিডর আঘাত হানার পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ তৎপরতা ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার চিত্র তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুজ্জামান।
তিনি জানান, এখন পর্যন্ত কেউ খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মারা যায়নি। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ'শ চিকিৎসাদল টিম দুর্গত এলাকায় কাজ করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার মোহম্মদ হারুন চৌধুরী, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24