ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের আঘাত হানার পরদিন ১৬ নভেম্বর জাতীয় গ্রিডে দু'দফা বিপর্যয়ের কারণ খুঁজে দেখতে গঠিত কমিটির প্রতিবেদন জমা দিতে আরও দু'সপ্তাহ সময় লাগবে। গত ১৮ নভেম্বর সরকার ৭ সদস্যের তদন্ত কমিটি করার পর প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদের দু'সপ্তহের সময় দেওয়া হয়েছিল।
কমিটির আহ্বায়ক এ এন এম রিজওয়ান রোববার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "এখনো কাজ চলছে। বুয়েটের মাধ্যমে কারিগরি সমীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়া হবে।"
কমিটির এক সদস্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খান বলেন, "প্রতিবেদন জমা দিতে আরও দুসপ্তাহ সময় লাগতে পারে। ভবিষ্যতে দুর্যোগময় পরিস্থিতিতে বিপর্যয় এড়ানোর জন্য পরামর্শ দেবে কমিটি।"
গত ১৮ নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গ্রিড ট্রান্সমিশন বিশেষজ্ঞ এ এন এম রিজওয়ানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করে এ সরকার। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাসান ও ড. এম শাহনেওয়াজ আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খান, ডেসা ও আরইবির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মঈন উদ্দিন এবং পিজিসিবি-র পরিচালক (কারিগরি) রুহুল আমিনকে সদস্য করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটি গাফলতি বা নাশকতার কোনো তথ্য পায়নি। আমরা এ পর্যন্ত নয়টি বৈঠক করেছি। প্রতিবেদনে আমরা দেশের বিদুৎ কাঠামো আধুনিকায়নের পরামর্শ দেব।"
ঘূর্ণিঝড়ের পর ১৬ নভেম্বর দিনভর সারাদেশের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওই সময় জানায়, সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো উৎপাদন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। তখন উৎপাদন ছিল শূন্য। কোনো উৎপাদন না থাকার কারণে জাতীয় গ্রিড অচল হয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটায় রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24