ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদের বিরুদ্ধে সম্পদ গোপন করার অভিযোগে দুদক অভিযোগপত্র দাখিল করেছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং বিভাগে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো.মোহাজের আলী সরদার।
অভিযোগপত্রে বলা হয়েছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অভিযুক্তরা জ্ঞাত আয়-বহির্ভূত ৩ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭শ' ৮২ টাকার সম্পদ গোপন করেছেন। গত ১৯৯৩ সাল থেকে ২০০৭ সালের ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত তারা এই সম্পদ অর্জন করেন।
সোমবার অভিযোগপত্রসহ মামলার নথি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো.আজিজুল হকের কাছে অভিযোগপত্র গ্রহণ ও বিচার কার্যক্রমের জন্য পাঠানো হবে বলে দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা আবদুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২৬ঘ.
bdnews24