২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় তারেক রহমানের জামিন

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারেক রহমান। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। পাশাপাশি মামলা দুটিকে জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারেক রহমান। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। পাশাপাশি মামলা দুটিকে জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চেয়েছে আদালত। চাঁদাবাজির দুটি মামলায় রোববার তারেক রহমানকে জামিন দেন বিচারপতি শাহ্ আবু নঈম মোমিনুর রহমান ও জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েও সরকারের প্রতি রুল জারি করে ওই হাইকোর্ট বেঞ্চ। তারেক রহমানের দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। রিট শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আফজাল এইচ খান। গত ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর ১ এপ্রিল ধানমণ্ডি থানায় এবং ৯ এপ্রিল শাহবাগ থানায় তার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের হয়। পরে মামলা দুটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। এদিকে, তারেকের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ। তারেক রহমানের পক্ষে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমানকে আটকাদেশ দেয় সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/এসকে/১৫৫২ঘ.