২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সমাবেশ শোভাযাত্রায় বিজয়ের মাস বরণ

বর্তমান সরকারের উচিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া। তাহলে এ সরকার দেশের ইতিহাসে নতুন নজির গড়বে। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ। বাংলার মাটি আলবদর, আলশামস, রাজাকারসহ যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে প্রস্তুত। প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার বুকের রক্ত দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতিরোধ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 05:37 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সিলেট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের উচিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া। তাহলে এ সরকার দেশের ইতিহাসে নতুন নজির গড়বে। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ। বাংলার মাটি আলবদর, আলশামস, রাজাকারসহ যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে প্রস্তুত। প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার বুকের রক্ত দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতিরোধ করবে। শনিবার মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস বরণ ও মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ইউনিট ও বিভাগীয় কমান্ড আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান, সাবেক সাংসদ মুহম্মদ আশরাফ আলী ও সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্বা আবদুল খালিক মায়ন, আবদুল হান্নান, সিরাজুল ইসলাম, মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত পরিবেশন ও শিশু -কিশোরদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় নগরীর ঐতিহ্যবাহী সারদা হলের সামনে থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় 'যুদ্ধাপরাধীদের বিচার চাই' শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন মুক্তিযোদ্ধারা। কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস পালিত সংবাদদাতা জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের একটি শোভাযাত্রা বসুরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবু নাছেরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, এনামুল হক, সফিকুর রহমান, মোহাম্মদ হোসেন, জহিরুল হক, এরফানুল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৪ ঘ.