২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে কথিত মাদক ব্যবসায়ীর মৃত্যু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নেওয়ার পর শনিবার এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা,ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নেওয়ার পর শনিবার এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রনি ইসলাম রমজান (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার তাকে গ্রেপ্তার করেন । শনিবার সকাল পৌনে ১১টার দিকে মগবাজারের রাশমনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, রনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনতলা থেকে লাফ দিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ছোটভাই পাপ্পু ইসলাম জানান, রনি চকবাজারে কসমেটিক্সের ব্যবসা করতো। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাসায় এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পাপ্পু বলেন, "আবগারীওলারা (মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা) ওরে হাঁটায় নিয়া গ্যাছে। হ্যায় অসুস্থ ছিল না। গোটা মহল্লার মানুষ দ্যাখছে। এখন হ্যারায় কইতাছে সে লাফ দিছে। ওরা আমার ভাইটারে পিটায়া মাইরা ফ্যালাইছে।" নিহতের মা আনোয়ারা বেগমও একই অভিযোগ করেন। ছোটভাই পাপ্পু আরও জানান, নিহত রনি বিবাহিত ও তার স্ত্রী সন্তান সম্ভবা। রাশমনো হাসপাতালের অনুসন্ধান ডেস্কে কর্মরত সেলিম রেজা শ্যামল জানান, বুধবার রাত ৪টার দিকে মাথায় আঘাত ও শ্বাসকষ্ট নিয়ে রনিকে ভর্তি করানো হয়। শনিবার সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত লাশ রাশমনো হাসপাতালে পড়ে ছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান জানান, গত বুধবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রনির লালবাগের বাড়িতে অভিযান চালায়। কর্মকর্তাদের কাছে তথ্য ছিল যে, রমজান ভেজাল বিদেশি মদ বিক্রি করে। অভিযানে তার বাড়ি থেকে ২৫ বোতল বিদেশি মদ, ২৩টি খালি বোতল, ২ লিটার রেক্টিফায়েড স্পিরিট, ফ্লেভার, রং ও বেশকিছু ছিপি উদ্ধার করা হয়। উপ-পরিচালক ফজলুর রহমান জানান, থানায় নিয়ে যাওয়ার পথে হাতে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় রনি ভ্যান থেকে লাফ দেয়। এরপর সে দৌড়ে পাশের একটি নির্মানাধীন ভবনে ঢুকে পড়ে। এক পর্যায়ে তাকে তিনতলার একটি জানালার কার্নিশে লুকিয়ে থাকতে দেখা যায়। কর্মকর্তারা ধরতে গেলে সে লাফ দেয় এবং কঠিন স্ল্যাবের ওপর পড়ে গুরুতর আহত হয়। শনিবার সকাল ১১টায় রনির অপারেশন হওয়ার কথা ছিল বলে ফজলুর রহমান জানান। তিনি বলেন, তার আগেই পৌনে ১১টায় সে মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২৬ঘ.