২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বেপরোয়া প্রকৃতি

বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙন- সবগুলো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধেই এ বছর লড়তে হয়েছে বাংলাদেশের মানুষকে। দুর্যোগের সংখ্যা আর প্রাবল্য প্রতি বছরই বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙন- সবগুলো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধেই এ বছর লড়তে হয়েছে বাংলাদেশের মানুষকে। প্রতি বছরই দুর্যোগের সংখ্যা আর প্রাবল্য বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। আবহাওয়ার চেনা গতিধারাও পাল্টে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে আগের চেয়ে ঘনঘন। শীত ঋতুর দৈর্ঘ্য কমছে, বাড়ছে গ্রীষ্মের দাবদাহ। মেরু অঞ্চলের বরফ গলে বাড়ছে সাগরের পানির উচ্চতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম মাহবুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে যেসব প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে তার প্রায় সবগুলোই এ বছর মারাত্মক আকারে দেখেছি আমরা। আর জলবায়ুর বদলে যাওয়ার নমুনা সারা বছরই কিছু না কিছু দেখতে পেয়েছি।" এবার বছরের শুরুর দিকেই দেশের উত্তরাঞ্চলে খরায় ভুগতে হলো মানুষকে। জুলাই মাসে দেশে প্রথম বন্যা এলো। সেপ্টেম্বরে হলো দ্বিতীয় দফা। বন্যার পাশাপাশি অতিবর্ষণও দেখা যায় এবার। দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৩৯টি জেলায় এক কোটিরও বেশি মানুষ। মারা যায় ৫৬৪ জন। সরকারি হিসাবে বন্যায় ৬৩ হাজার ৪৩১ টি ঘরবাড়ি বিধ্বস্ত, সাত লাখ ৬০ হাজার ৬৮৫ একর জমির ফসল পুরোপুরি নষ্ট এবং ৫১০ টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০৯ কোটিরও বেশি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৯টি জেলায় বন্যার কারণে এবং আরো ১২টি জেলায় অতিবর্ষণে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। দুই দফা বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় দেখা দিল নদী ভাঙন। সর্বশেষ নভেম্বরের মাঝামাঝি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতবিক্ষত হলো উপকূলীয় এলাকা। চলতি বছর সাগরে ১১টি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দেশের কৃষিখাত বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আইইউসিএন এর আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডরের ব্যাপ্তি ছিল সারাদেশ জুড়ে। এর জন্য যে শক্তির প্রয়োজন তা সে পেয়েছে বদলে যাওয়া জলবায়ু থেকে; উষ্ণতা বৃদ্ধির কারণে।" তিনি বলেন, "বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় সব দিক থেকেই আক্রান্ত হতে পারে বাংলাদেশ। সাগরের পানির উচ্চতা বাড়লে উপকূলীয় অনেক এলাকা লোনা পানিতে নিমজ্জিত হবে। স্বাদু পানির সরবরাহ কমে যাবে। ফসলের উৎপাদন হ্রাস পাবে।" বাংলাদেশ কোস্ট ট্রাস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে উপকূলের ১৫ থেকে ১৭ শতাংশ এলাকা তলিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ২ কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। এই আশঙ্কা সত্যি হলে কক্সবাজার থেকে বদরমোকাম পর্যন্ত ১৪৫ কিলোমিটার দীর্ঘ এলাকা লোনা পানিতে তলিয়ে যেতে পারে। ২০৩০ সাল নাগাদ সমুদ্র গর্ভে হারিয়ে যেতে পারে ৫৮ হাজার হেক্টর জমি। ১৯৮০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সারা বিশ্বে ঘূর্ণিঝড়ে মারা গেছে আড়াই লাখ মানুষ। এরমধ্যে ৬০ শতাংশই বাংলাদেশের নাগরিক। সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু যে বদলে যাচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। ৫০ বছরের তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপাত্ত ঘেঁটে দেখা গেছে, শীতের রাতের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং শীতকালের সময়সীমা সংকুচিত হয়ে আসছে। দেশে সেপ্টেম্বর-অক্টোবর সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে।" তিনি আর বলেন, "সমুদ্রে লঘু ও নিম্নচাপের ঘনঘটাও বেড়েছে। মাঝেমধ্যেই সাগর উত্তাল থাকে। গত ৪ দশকে সমুদ্র উপরিতলের তাপমাত্রা বেড়েছে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা অস্বাভাবিক। সমুদ্রের পানির তাপমাত্রা এত দ্রুত বাড়ার কথা নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমআই/এমএ/১৩৪৭ ঘ.