ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল রপ্ত করতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশে একটি 'আন্তর্জাতিক অ্যাডাপটেশন সেন্টার' স্থাপনের প্রস্তাব করবে ঢাকা।
শুক্রবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সি এস করিম বলেন, "জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতিমূলক অবস্থানটাকে সুদৃঢ় করতে সম্মেলনে আমাদের ঝুঁকির দিকটি তুলে ধরা হবে। ক্ষতিপূরণ চাইতে একটি অবস্থান তৈরি করতে হবে আমাদের। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের সহায়তা দরকার। এ ব্যাপারে সম্মেলনে খোলামেলা আলাপ হবে।"
উপদেষ্টা বলেন, "জলবায়ুর জন্য ক্ষতিকর এমন গ্যাস নির্গমন কমিয়ে আনার কথা বলা হলেও তা কমেনি। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের হার বেড়েছে। এটাকে জলবায়ু পরিবর্তনের সংকেত হিসাবে মনে করা হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ঝাপটা স্বল্পোন্নত দেশগুলোর ওপর পড়বে।"
সুন্দরবন সম্পর্কে উপদেষ্টা বলেন, "সুন্দরবনকে টিকিয়ে রাখতে সংরক্ষণ কার্যক্রম বজায় রাখতে চাই আমরা। স্বাভাবিক জীববৈচিত্র্যের কোনো পরিবর্তন না করে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বন ও পরিবেশ সচিব এ এইচ এম রেজাউল কবির। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল রপ্ত করতে গবেষণা ও চিন্তা বিনিময়ের জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক জলবায়ু তথা এডাপটেশন সেন্টার স্থাপনের প্রস্তাব উত্থাপন করবে ঢাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর গবেষক ড. আসাদুজ্জামান বলেন, "জলবায়ুতে অস্থিরতা বাড়ছে। তবে কোনও সুনির্দিষ্ট ঘটনা জলবায়ুর পরিবর্তনের কারণে ঘটেছে বৈজ্ঞানিকভাবে এ ধারণা প্রতিষ্ঠা করা যাবে না।"
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (আইইউসিএন)-এর আবাসিক প্রতিনিধি ড. আইনুন নিশাত বলেন, "এ বছর তীব্র শক্তি ও ব্যাপ্তি নিয়ে সিডর আঘাত হেনেছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস হলেই নিম্নচাপের শক্তি অর্জন করতে পারে।"
তিনি বলেন, "আগামীতে দুর্যোগের তীব্রতা ও ঘনঘটা বাড়বে। আমাদের ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া তৈরি করতে হবে।"
আগামী ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বালিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ থেকে ২৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৭৩৩ ঘ.
bdnews24