ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনার্স ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অনুরোধ প্রত্যাখানের জের ধরে গাজীপুরের শ্রীপুর এলাকায় একজনকে হত্যার অভিযোগে আবদুস সোবহান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইবুনালের বিচারক মো. নূরুল হুদা দণ্ডিতকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণে বলা হয়, সোবহান ও মঞ্জুরুল ছিল ঘনিষ্ঠ বন্ধু। ২০০৬ সালের অনার্স ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য সোবহান মঞ্জুরুলকে অনুরোধ করেন। কিন্তু মঞ্জুরুল তা প্রত্যাখ্যান করে। এতে সোবহান ক্ষুব্ধ হয়। গত বছরের ১৪ জুন বিয়ের জন্য মেয়ে দেখার নাম করে সোবহান মঞ্জুরুলকে শ্রীপুরের পাথরপাড়া গ্রামে নিয়ে রাস্তায় খুন করে।
ঘটনার পরপর নিহত মঞ্জুরুলের বড় ভাই ফজলুল হক শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম তদন্ত শেষে সোবহানকে আসামি করে গত বছরের নভেম্বর মাসে অভিযোগপত্র দাখিল করেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৮০০ঘ.
bdnews24