ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির অপরাধে চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
ডিপজল বর্তমানে পলাতক রয়েছেন। তাকে আটক বা তার আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।
২৬ জুলাই অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া গত ২০ আগস্ট অন্য একটি অস্ত্র মামলায় ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রোমানা মনোয়ার কারাগারে রয়েছেন।
পৃথক দুটি ধারায় ডিপজলকে দেয়া সাজার মধ্যে সম্পত্তি গোপনের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, সাড়ে তিন কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
তবে সাজা একইসঙ্গে কার্যকর হওয়ায় ডিপজলকে পাঁচ বছর কারাভোগ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান ১৮ সেপ্টেম্বর ডিপজলের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে কর ফাঁকির মামলাটি দায়ের করেন। ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলার এজাহারে বলা হয়, ডিপজল ১৯৯৮-১৯৯৯ থেকে ২০০৬-২০০৭ কর বর্ষে দাখিল করা আয়কর রিটার্ণে ১২ কোটি ১৪ লাখ ২ হাজার ৯৯৯ টাকার সম্পত্তি উল্লেখ না করে এর ওপর প্রযোজ্য কর ৩ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪৪ টাকা ফাঁকি দিয়েছেন।
আদালত ডিপজলের ১২ কোটি ১৪ লাখ ২ হাজার ৯৯৯ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত নিজের ও সন্তানের নামে জমি কেনা, বিভিন্ন ব্যাংকে নিজ ও তিন সন্তানের নামে জমা করা টাকা, চারটি আগ্নেয়াস্ত্র কেনা, নিজ নামে গাড়ি ক্রয়, ২২টি চলচ্চিত্র নির্মাণ, এশিয়া সিনেমা হলসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও দীপনগর এলাকা থেকে ভাড়া, পৈত্রিক বাসভবন সংস্কার, সাভার উপজেলার ফুলবাড়িয়া ও পানপাড়া মৌজায় ফাহিম শ্যুটিং স্পটে বাড়ি সংস্কার ও বৈদ্যুতিক সরঞ্জাম সংযোজন বাবদ অর্থ ব্যয় এবং নিজ নামে ২০০ তোলা স্বর্ণালংকারের তথ্য গোপন করে আয়কর বিভাগে মিথ্যা তথ্য দিয়ে উল্লিখিত কর ফাঁকি দিয়েছেন।
বিশেষ জজ আদালতে গত ১৮ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেয়া শেষ হয় ২১ নভেম্বর। রাষ্ট্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৬১ জন। ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্কের পর বিচারক রায় দেয়ার এ দিন ধার্য করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৫৩৮ ঘ.
bdnews24