ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হতে এবং হুমকির মুখে থাকা দেশগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ একটি গবেষণা কেন্দ্র স্থাপনের যে প্রস্তাব দিয়েছে ব্রিটেন তার প্রতি সমর্থন জানিয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বুধবার জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। ব্রিটেন আগামী বছরের শুরুতে ঢাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি সম্মেলন আয়োজনেরও পরিকল্পনা করছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষি উপদেষ্টা সি এস করিম রয়টার্সকে 'ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাডাপটেশন' নামে ঐ গবেষণা কেন্দ্রটি গঠনে বাংলাদেশের প্রস্তাব উত্থাপনের কথা জানান।
মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন ২০০৭-০৮ এ জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে হুমকির মুখে থাকা দেশগুলোর তালিকায় প্রথম দিকেই রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনের মূল প্রণেতা কেভিন ওয়াটকিনস বলেন, "লন্ডন বা নিউ ইয়র্কের ম্যানহাটান নয় বরং নিকট ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের মূল হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশের বন্যাপ্রবন এলাকা ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চল।"
বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ কে বি সাজ্জাদুর রশিদ বলেন, এই শতকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বেশ কিছু প্রভাব মেকাবেলা করেছে। বঙ্গোপসাগরের পানি ৪০ সেন্টিমিটার বাড়লেও বাংলাদেশের ১১ শতাংশ উপকূলীয় এলাকা তলিয়ে যাবে এবং সাত থেকে ১০ লাখ মানুষ আবাসস্থল হারাবে।
ইউএনডিপি'র প্রতিবেদনে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২২২৬ঘ.
bdnews24