চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের একটি বাসা থেকে বুধবার মো. নজীবুল্লাহ (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুকে রহস্যময় উল্লেখ করে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর খাজা রোডের ভাড়া করা বাসায় নজীবুল্লাহ বুধবার ভোররাতের কোনো এক সময় মারা যান। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
খোরশেদ আলম বলেন, "সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটির মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। ময়নাতদন্তের পর তা সঠিকভাবে জানা যাবে।"
জিজ্ঞাসাবাদের জন্য নজীবুল্লাহর স্ত্রী সাবিনা আকতারকে আটক করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ জানায়, নজীবুল্লাহর বাড়ি সাতকানিয়া উপজেলার কেউচিয়ায়। তিনি সাংবাদিকতা করতেন বলে এলাকাবাসী বললেও কোন পত্রিকায় কাজ করতেন তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৩১ ঘ.
bdnews24