ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. রফিকুল আনোয়ার ওরফে সোনা রফিককে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর সাত নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মতিয়ার রহমান বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ এপ্রিল রাতে বনানীর একটি হোটেল থেকে কয়েকজন নারী এবং একটি বিদেশি পিস্তল, চারটি গুলি এবং দুটি ম্যাগাজিনসহ সোনা রফিককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ ঘটনায় পরদিন সকালে গুলশান থানার উপপরিদর্শক রেজাউল করিম তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। পরে উপপরিদর্শক হেলাল উদ্দিন রফিককে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
২৬ সেপ্টেম্বর আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় সোনা রফিকের আইনজীবী আলিম মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"অভিযুক্তকে ২৮ এপ্রিল রাতে গ্রেপ্তার দেখানো হলেও প্রকৃতপক্ষে ২০ এপ্রিল চট্টগ্রামে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২৮ এপ্রিল রাতে সোনা রফিক যৌথবাহিনীর হেফাজতে ছিলেন। এ কারণে মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/জিএনএ/১৬৪০ ঘ.
bdnews24