মাগুরা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতের নাম শহর আলী (৩২)। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী মিঠু মিয়া (২৬) আহত হন। তাদের দুজনের বাড়ি মাগুরা সদর উপজেলার কুশাবাড়ীয়া গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মুস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীতমুখী ওই মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে শহর আলী ঘটনাস্থলেই মারা যায়।
আহত মিঠু মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24